আ.লীগ ও বিএনপি দুই পক্ষের একই আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই মেয়র পদপ্রার্থীই সহিংসতার আশঙ্কা করছেন। তাঁরা বিভিন্ন নির্বাচনী সংলাপ ও স্থানীয় গণমাধ্যমে তাঁদের এ আশঙ্কার কথা ব্যক্ত করছেন। তবে পুলিশ এ আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে বলছে, এ ধরনের কোনো কিছুই পুলিশ হতে দেবে না। ১৪-দলীয় মহাজোট-সমর্থিত প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বিএনপির সঙ্গে জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের মাঠে নামার কারণে এ আশঙ্কা প্রকাশ করছেন। আর ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় তাঁদের ভোটব্যাংক ঘিরে ছাত্রলীগের অস্ত্রধারীদের জড়ো হওয়ার অভিযোগ তোলা হয়েছে। তাঁরা এরই মধ্যে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শিবির রাজশাহীতে সাম্প্রতিক সময়ে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গত ১ এপ্রিল শিবির নগরের শালবাগান এলাকায় হামলা চালিয়ে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের মাথা থেঁতলে দেয়। তার আগের দিন তাদের হামলায় নগরের রানীনগর এলাকায় মকবুল হোসেন নামের একজন শিক্ষানবিশ উপপরিদর্শকের হাত উড়ে যায়। এরপর গত ৩ এপ্রিল নগরের সপুরা এলাকায় শিবিরের গোপন আস্তানা থেকে পুলিশ ও র্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে ১৯টি চায়নিজ কুড়াল, একটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, জিহাদি বই, লিফলেট, পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট ও বিপুল পরিমাণ গোপন নথিপত্র জব্দ করে। তারা নির্বাচনে মোসাদ্দেক হোসেনের পক্ষে মাঠে রয়েছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশে সিটি করপোরেশনের ২৬, ২৭, ২৮, ২৯, ও ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির ভোটব্যাংক রয়েছে। গত আটটি নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের অস্ত্রধারীরা মাঠে নেমে এ ভোটব্যাংক দখলের জন্য প্রস্তুতি নিয়েছে। একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত সংলাপে গত রোববার রাতে খায়রুজ্জামান নির্বাচনে ছাত্রশিবিরের অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দ্বারা সহিংস ঘটনার আশঙ্কা প্রকাশ করেন। একই অনুষ্ঠানে ১৮-দলীয় জোটের প্রার্থী মোসাদ্দেক হোসেনও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা সহিংস ঘটনার আশঙ্কা প্রকাশ করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। এদিকে ৩ জুন বিকেলে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে দুই যুবককে ধাওয়া করলে তাঁরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। তা থেকে পুলিশ দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৭টি গুলি উদ্ধার করে। মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান সব আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে বলেছেন, যে দল যেভাবেই তাদের অবস্থান ব্যাখ্যা করুক না কেন, পুলিশ কোনো অবস্থাতেই এ ব্যাপারে আপস করবে না। নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার, পুলিশ তা-ই করবে।