আ.লীগ ও বিএনপি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে : ভাষাসৈনিক মতিন
ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের দর কষাকষির কারণে মানুষ অতিষ্ঠ ও অস্থির হয়ে পড়েছে। তারা কোনো দিক-নির্দেশনা পাচ্ছে না। তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে বুর্জোয়া রাজনীতির ধারক উল্লেখ করে বলেছেন, ‘এই দুই দলই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আমি প্রত্যাশা করি, জনগণও প্রত্যাশা করে, আপনাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার।’ আজ রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে এক হওয়ার আহ্বান জানান।সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ।