আ.লীগ ও বিএনপিকে সংলাপের আহ্বান রাষ্ট্রপতির
রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে সংলাপের জন্য আহ্বান করেছেন। আজ সোমবার দুই দলের কাছে পাঠানো পৃথক চিঠিতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।আগামী ১২ জানুয়ারি বেলা ১১টার দিকে বঙ্গভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পাঠানো চিঠিতে রাষ্ট্রপতি এই সংলাপের আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক চিঠিতে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টার দিকে সংলাপে বসার জন্য আহ্বান জানান রাষ্ট্রপতি। সংলাপে অনধিক ১০ জনের প্রতিনিধিদল নিয়ে আসার জন্য রাষ্ট্রপতি দুই দলকে অনুরোধ করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. শফিউল আলম এ কথা জানিয়েছেন।আজ ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টির (মঞ্জু) সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। তাদের কাছে তিনি নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া যায়—এমন ব্যক্তিদের নাম চেয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ ৪ ফেব্রুয়ারি এবং সাখাওয়াত হোসেনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।