আ.লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ টিকে আছে; আগামী দিনেও টিকে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় সিলেটের বালাগঞ্জের দয়ামীরে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিলেটে ব্যাপক উন্নয়ন করেছে। পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের পরেই রয়েছে সিলেটের সারকারখানা। মহাজোট সরকার গত চার বছরে সিলেট জেলায় ৭১০ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছে। এ ছাড়া অচিরেই ওসমানীনগর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে বলে তিনি জানান।সৈয়দ আশরাফ সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী সম্পর্কে বলেন, ‘তাঁর মতো সত্ ও কর্মঠ মানুষ খুব কম আছে। প্রবাসজীবনের রাজনীতিতে শফিক চৌধুরী ছিলেন আমার সহকর্মী।’ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদাল মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহুর চৌধুরী সুফিয়ান, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান প্রমুখ।এর আগে মন্ত্রী বেলা সাড়ে তিনটায় সাদিপুর ইউনিয়নের কাঁকড়খালী নদীর ওপর প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এবং চারটায় দয়ামীরে প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওসমানী স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের উদ্বোধন করেন।