আ.লীগ কর্মীদের হামলায় বিএনপির ২৫ কর্মী আহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরে আজ সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মীদের হামলায় কমপক্ষে ২৫ জন বিএনপির কর্মী আহত হয়েছেন। খবর ইউএনবির।আহতদের মধ্যে দুজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বাজিতপুর উপজেলা বিএনপি স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দুপুর ১২টার দিকে একটি শোভাযাত্রা বের করে। তাদের মিছিলটি হারিসভা এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর লাঠি নিয়ে চড়াও হন। এ সময় বিএনপির ২৫ জন কর্মী আহত হন।জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ মুজিবুর রহমান দাবি করেন, আওয়ামী সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়ায় তাদের ওপর আক্রমণ চালায়।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।