নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এখন পর্যন্ত কাউকে সমর্থন দেওয়ার কথা জানেন না দলের মুখপাত্র ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি গতকাল শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।আর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এই নির্বাচনে দলগত সমর্থন দেওয়ার সুযোগ নেই।অথচ আগের দিন বৃহস্পতিবার দলটির তিন সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সায়িদ আল মাহমুদ নারায়ণগঞ্জে গিয়ে শামীম ওসমানের পক্ষে দলীয় সমর্থন দেওয়ার কথা বলেছেন।এ ব্যাপারে গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যেকোনো স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত সম্পর্কের কারণে কেউ যেতে পারে। তাঁরা (তিন সাংগঠনিক সম্পাদক) কার নির্দেশে গেছেন, সে বিষয়ে আমার কাছে তথ্য নেই। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দলের মুখপাত্র হিসেবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না।’গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত নারায়ণগঞ্জের নির্বাচনে দলীয় সমর্থন প্রসঙ্গে বলেছেন, ‘স্থানীয় নির্বাচন আমাদের দেশে যেহেতু নির্দলীয়, সে কারণে কোনো দল মনোনয়ন দেয় না। এমন কোনো আইন নাই। বরং আইন হয়েছে নির্দলীয়ভাবে নির্বাচন করার।’ তিনি বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে। কিন্তু এখানে দলগত সমর্থন দেওয়ার সুযোগ নেই।’এদিকে দলীয় সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার তিন সাংগঠনিক সম্পাদক কার নির্দেশে গিয়ে শামীম ওসমানের পক্ষে সমর্থন দেওয়ার কথা বলেছেন, এ নিয়ে দলের ভেতর কানাঘুষা চলছে।দলীয় একটি সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্যের ব্যক্তিগত আগ্রহ ও পরামর্শে ওই তিন নেতা নারায়ণগঞ্জে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন। এর সঙ্গে দলের নীতিনির্ধারণী পর্যায়ের কোনো সম্পর্ক নেই। দলের কেন্দ্রীয় এক শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আইন অনুযায়ী আওয়ামী লীগ কোনো প্রার্থীর পক্ষে দলগত সমর্থন দিতে পারে না। আর সমর্থন দিলেও দলের মুখপাত্র মাহবুব উল আলমের তা লুকিয়ে রাখার কথা নয়।