আ.লীগ কোরআন ও সুন্নাহ পরিপন্থী আইন করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনোই পবিত্র কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন করেনি, ভবিষ্যতেও করবে না। যারা এ বিষয়ে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তিনি তাদের ব্যাপারে সজাগ ও সচেতন থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। গতকাল মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, নারী উন্নয়ন নীতিমালায় কোথাও ইসলামের পরিপন্থী কোনো কথা নেই। তিনি বলেন, নারী নীতিমালা নিয়ে একটি গোষ্ঠী দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা নীতিমালাটি ভালোভাবে না পড়ে বা না জেনেই কাজটি করছে। এমনকি হরতাল পর্যন্ত আহ্বান করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি তিনি নারী উন্নয়ন নীতিমালা ভালোভাবে পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভালোভাবে পড়ে আপনারা বলুন, কোথায় কোরআন ও সুন্নাহ পরিপন্থী কথা আছে।’প্রধানমন্ত্রী বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তির ওপর মেয়েদের অধিকারের বিষয়ে বলেন, যাঁদের পুত্রসন্তান নেই, তাঁদের মেয়েরা তাঁদের রেখে যাওয়া সম্পত্তির অধিকারী হতে পারেন না। ভাই, বোন ও তাঁদের ছেলেমেয়েরা সেই সব সম্পত্তি দখল করে নেন। প্রধানমন্ত্রী বাবা-মায়ের সম্পত্তি তাঁদের স্ত্রী-কন্যারা যাতে পেতে পারেন, সে ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অসাম্প্রদায়িক চেতনাকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিত করা হয়েছিল। আত্মঘাতী হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়েছিল। ইসলামে আত্মহত্যা মহাপাপ। অথচ জঙ্গিবাদীরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে।‘বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই’ উল্লেখ করে শেখ হাসিনা আর কোনো দিন জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘কেউ কেউ আমাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর কথা বলছেন। ক্ষমতা দেওয়া-নেওয়ার একমাত্র মালিক সর্বশক্তিমান আল্লাহ। তাঁর ইচ্ছাতেই সবকিছু হয়। আমি বিশ্বাস করি, আল্লাহ্র ইচ্ছাতেই দেশের সেবা করার সুযোগ পেয়েছি এবং আল্লাহ্ ছাড়া কেউ আমাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।’ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। আলোচনা সভা শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন।অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।