আ.লীগ জাতিকে সেবাদাসে পরিণত করেছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জাতীয় সব স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের জাতি হিসেবে সেবাদাসে পরিণত করেছে।’মওদুদ আহমদ আজ রোববার বিকেলে নোয়াখালীর কবিরহাট পৌর মিলনায়তনে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করেছে। নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তা কখনো সফল হবে না। নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ১৮ দলীয় জোট নির্বাচনে অংশ নেবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন।বিএনপির এই নেতা বলেন, রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না বলা হলেও রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি দলের মন্ত্রী, সাংসদ ও নেতারা সিন্ডিকেটের মাধ্যমে এই অনিয়ম করে যাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। দ্রব্যমূল্য নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও তিনি দাবি করেন।