আ.লীগ-জামায়াতের কর্মসূচি, সেনবাগে ১৪৪ ধারা
নোয়াখালীর সেনবাগের কানকিরহাট উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ রোববার রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবত্ থাকবে। ওই মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা এবং জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের ওয়াজ মাহফিলের আয়োজনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা কোম্পানীগঞ্জের ইউএনও মো. আবদুল আউয়াল আজ সকালে প্রথম আলো অনলাইনকে বলেন, কর্মসূচি পালনের বিষয়ে দুই পক্ষই অনঢ়। তাই বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল রাতেই সব ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ এবং পাঁচজনের অধিক লোকের সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, যেকোনো ধরনের সংঘাত এড়াতে সকাল থেকে ওই মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে।