আ.লীগ তত্ত্বাবধায়ক সরকারের ফাঁদে পা দেবে না
আল্টিমেটাম দিয়ে নির্বাচিত সরকারের পতন ঘটানোর স্বপ্ন বিরোধী দলের ভ্রান্তি-বিলাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আল্টিমেটাম দিয়ে আজ পর্যন্ত কোনো সরকারের পতন হয়নি। আন্দোলনের মধ্য দিয়ে যদি আপনাদের জন্ম হতো তাহলে বুঝতেন যে এই আল্টিমেটাম দেওয়া ভুল হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের ভ্রান্তি-বিলাস বাদ দিয়ে সংসদে আসুন। সংসদই সকল সমস্যা সমাধানের প্রাণকেন্দ্র।’আজ সোমবার দুপুরে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে ‘সংবিধানের বাইরে কোনো আলোচনা কিংবা অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন নয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুরঞ্জিত। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা এ আলোচনা সভার আয়োজন করে।সংগঠনের উপদেষ্টা শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ সভায় বক্তব্য দেন। সুরঞ্জিত বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হয়। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও তাই হচ্ছে। তাই গণতান্ত্রিক পন্থায় আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, তত্ত্বাবধায়ক হলেই আপনারা ক্ষমতায় যাবেন তা হবে না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ফাঁদে পা দেবে না।বিরোধী দল কী করতে চায়, তা সমাবেশে স্পষ্ট করে বলার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘আপনি সত্যিকার অর্থে জনগণের জন্য আল্টিমেটাম দেন, না কি সরকার উত্খাতের জন্য—তা জনসভা থেকে পরিষ্কার করে বলুন। যদি সরকারকে উত্খাত করতে চান করবেন সংসদে যাওয়ার দরকার নাই। রাজপথেই থাকেন।’ বাসস।