আ.লীগ দেউলিয়া, তাই বিএনপি ভাঙার চেষ্টা: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নিজের পায়ের তলায় মাটি নেই বলে তারা বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে এতই দেউলিয়া হয়ে গেছে যে তাদের অন্য দল থেকে নেতা ভাগিয়ে নিতে হবে।আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির তৃতীয় বার্ষিকীতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল ওই সমাবেশের আয়োজন করে।মির্জা ফখরুল অভিযোগ করেন, পত্রিকায় খবর বেরিয়েছে বিএনপিকে ভাঙার তত্পরতা চলছে। আসলে বিএনপির দলীয় ঐক্যে ফাটল ধরাতে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসে গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন। কখনোই বিদেশের কাছে মাথানত করেননি। এক-এগারোর সময় তাঁকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু তাঁর লড়াই বন্ধ করা যায়নি। তিনি বলেন, ‘আমাদের দেশের আরেক নেত্রী আছেন, যাঁকে তাঁর দলের লোকেরা আদর করে বলেন গণতন্ত্রের মানসকন্যা। তিনি অবৈধ সরকারের সঙ্গে আপস করে বিদেশে চলে গিয়েছিলেন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কয়েক দিন ধরে উইকিলিকসের প্রতিবেদন প্রকাশ শুরু হয়েছে। এই উইকিলিকসের তথ্য কোথা থেকে আসে, তা বিএনপি জানে। উইকিলিকসের তথ্য রূপকথার গল্পের মতো।ছাত্রদলের উদ্দেশে মির্জা আলমগীর বলেন, দেশের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। এবারও খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ।