আ.লীগ দেয় আর ওরা লুটে নেয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিদেশ থেকে তাঁদের মানি লন্ডারিংয়ের টাকা ফেরত এনেছি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ দেয় আর ওরা (বিএনপি) লুটে নেয়। তাই এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ওদের আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’ আজ শনিবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি পাবনার বেড়া উপজেলায় দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও সিরাজগঞ্জে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পাবনার জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশকে গড়ে তুলতে চাই। আমরা চাই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক।’ সরকার ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ও শিক্ষাব্যবস্থার উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, দারিদ্র্য ১০ শতাংশ কমেছে। সাড়ে চার লাখ মানুষকে চাকরি ও ৮০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। গ্রামে গ্রামে প্রত্যেক পরিবারকে স্বাবলম্বী করতে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন পাবনা-২ আসনের সাংসদ ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, রেলমন্ত্রী মুজিবুল হক, পাবনা-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রমুখ। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন জনসভা শুরুর আগে প্রধানমন্ত্রী জনসভা মঞ্চের পাশে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। বিশেষ সম্মাননা প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হওয়ার আগে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা আওয়ামীলীগের নেতারা পাবনা আওয়ামী লীগের প্রবীণ তিন নেতাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। সম্মাননা পাওয়া নেতারা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ওয়াজি উদ্দিন খান, গোলাম হাসনায়েন ও আমজাদ হোসেন।