আ.লীগ-নাগরিক কমিটির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা
রংপুরের গঙ্গাচড়ায় আজ রোববার ১৪৪ ধারা জারি করা হয়েছে। আওয়ামী লীগ ও নাগরিক কমিটি একই সময় একই স্থানে পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। আজ সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান স্থানীয় এক সাংবাদিক মিজানুর রহমানকে মারপিট করেছেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে মিজানুর বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামানের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় মামলা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মারপিটের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার নাগরিক কমিটির ব্যানারে উপজেলায় আধাবেলা হরতাল পালিত হয়। আজ বেলা একটায় নাগরিক কমিটি উপজেলা বাজার চত্বরে মানববন্ধন ও সমাবেশ ডাকে। একই সময় একই স্থানে উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান পাল্টা সমাবেশ ডাকেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আসাদুজ্জামান কথা বলতে অপারগতা প্রকাশ করেন। নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি দলের দাপট দেখিয়ে আসাদুজ্জামান এনজিও অফিসে তালা লাগিয়ে দেন। এরপর সাংবাদিককে মারপিট করেন। এর প্রতিবাদে নাগরিক কমিটি হরতাল করেছে। তিনি ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।