আ.লীগ নামধারীরাই দায়ী, ব্যবস্থা নিন
শেয়ারবাজারের কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ সরকারি দলের সাংসদেরা। সরকারি দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাঁরা বলেন, আওয়ামী লীগের নামধারী কিছু লোক শেয়ারবাজারের এই অবস্থা করেছে। গতকাল সোমবার বিকেলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষমতাসীন মহাজোটের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম কড়া ভাষায় অর্থমন্ত্রীর সমালোচনা করে আলোচনার সূত্রপাত করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ নামধারী কিছু লোক এ কর্মকাণ্ড ঘটাচ্ছে। দু-একজনের জন্য সরকার বা আওয়ামী লীগ এর দায় নেবে না।আলোচনায় অংশ নিয়ে এ সময় সরকারি দলের আরেক প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে হলে অর্থমন্ত্রীকে সর্ষের মধ্যেই ভূত খুঁজতে হবে। শেয়ারবাজারের ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে, সর্ষে দিয়ে ভূত তাড়ানো যাবে না। কারণ, ভূত সর্ষেতেই আছে। অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শেয়ারবাজার কারসাজির ঘটনায় কোথায় দরবেশ, কোথায় ইমাম, কোথায় মোয়াজ্জেম আছে, খুঁজে বের করুন।’সাংসদদের বক্তব্যের সময় সংসদে উপস্থিত সাংসদেরা দফায় দফায় টেবিল চাপড়ে সমর্থন জানান। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩০০ বিধিতে সংসদকে জানান, সরকারের কাছে তথ্য রয়েছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত। কিন্তু প্রয়োজনীয় আরও কিছু তথ্যের জন্য তাদের ধরা যাচ্ছে না। তবে জড়িতদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। এই মহলটিই উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারে নানা গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোথাও বলিনি, টিআইএন নম্বরধারী ছাড়া কেউ শেয়ার ব্যবসা করতে পারবেন না। শেয়ারবাজারের ওপর কর আরোপ করার সিদ্ধান্তও সরকার নেয়নি। কিন্তু একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এটি বাজারে ছেড়েছে। অনুমানভিত্তিক কথা ছড়িয়ে দেয় এরা। এরা সেয়ানা হয়েছে।’ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে শেয়ারবাজার কারসাজির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মুজিবুল হক এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। বিএনপি গতকালও সংসদে যোগ দেয়নি। শেখ ফজলুল করিম সেলিম প্রথম বক্তা হিসেবে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, আওয়ামী লীগের নামধারী কিছু লোক শেয়ারবাজারের এই অবস্থা করেছে। ’৯৬ সালেও এমন হয়েছিল। তখনো ব্যবস্থা নেব-নিচ্ছি করতে করতে পুরো দায় আওয়ামী লীগের ওপরই পড়েছিল। তিনি আরও বলেন, শেয়ারবাজার কারসাজির সঙ্গে সরকারি দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দু-একজন মানুষের অপকর্মের দায় পুরো সরকার নিতে পারে না। শেখ সেলিম আরও বলেন, তদন্তে শত শত কোটি টাকা আত্মসাৎকারী গ্যাম্বলারদের (বাজিকর) নাম এসেছে। কিন্তু আজ পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থমন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর শেয়ার কারসাজির ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের এমন সমন্বয়হীন বক্তব্যে শেয়ারবাজারে অস্থিরতা দিন দিন বাড়ছে। সরকারের মুখপাত্র একজন হবেন, ১০ জন হতে পারেন না। শেখ সেলিম পুঁজিবাজার কারসাজির ঘটনা তদন্তকারী কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের আয়ের ওপর করারোপ, টিআইএন (কর চিহ্নিতকরণ নম্বর) বাধ্যতামূলক করা এবং বিক্ষোভকারীদের চিহ্নিত করতে তদারক দল ও সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, কাদের নজরদারি করার জন্য মতিঝিলে সিসি টিভি বসানো হবে। শেয়ারবাজার যাঁদের বুকে আঘাত দিয়েছে, তাঁরাই তো মতিঝিলের রাস্তায় নামেন।বক্তব্যের সবশেষে অর্থমন্ত্রীর উদ্দেশে শেখ সেলিম আরও বলেন, আওয়ামী লীগ কারও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার জনগণের সরকার। শেয়ার কারসাজির সঙ্গে যে-ই জড়িত থাকুক, সরকারি দলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিন।এরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির মুজিবুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের বিষয়টি সরাসরি দুদকের (দুর্নীতি দমন কমিশন) কাছে পাঠানো হোক। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলছেন যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু কেন যাবে না; তা আমি বুঝতে পারি না।’এরপর পয়েন্ট অব অর্ডারে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, সরকারি দলের সাংসদেরা শেয়ারবাজার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা মানুষের মনের কথা। শেয়ার কারসাজিতে জড়িত ব্যক্তিদের বিচারের প্রক্রিয়া যাতে দীর্ঘসূত্রতার জালে জড়িয়ে না যায়, সে ব্যাপারে খেয়াল রাখা উচিত। খোন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে এমন তদন্ত কমিটির জন্য আর কাউকে পাওয়া যাবে না। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সবশেষ বক্তা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ইব্রাহিম খালেদ একজন সৎ মানুষ, এটা সবাই মনে করেন। তদন্ত করতে গিয়ে তিনি এখন রোষের মধ্যে পড়েছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শিষ্টের দমন আর দুষ্টের পালন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন নিয়ে মানহানির মামলা হতে পারে না। এরপর অর্থমন্ত্রী বক্তব্য দেন। তিনি এ সময় শেয়ারবাজারকে ‘সোনার রাজহাঁস’-এর সঙ্গে তুলনা করে বলেন, ‘সোনার হাঁসের কাছ থেকে আমরা সোনার ডিম পেতে চাই। আর এ কথা মাথায় রেখেই শেয়ারবাজার নিয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে।’পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তদন্ত করার জন্য খোন্দকার ইব্রাহিম খালেদ একটি মহলের তোপের মুখে পড়েছেন। তারা তাঁকে হেনস্তা করতে চাইছে। কিন্তু ওই মহলটি যত বড়ই হোক না কেন, সরকার তাদের বিরুদ্ধে মোকদ্দমা চালিয়ে যাবেই। ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।এ এম এ মুহিত বলেন, ‘বাংলাদেশে শেয়ার ইস্যুয়ার, ইস্যু ম্যানেজার, মালিক সবাই একই ব্যক্তি। পৃথিবীর কোথাও এমন কাণ্ড ঘটেনি। গত দুই বছর বিষয়টি আমি নজরে আনার চেষ্টা করছি। কিন্তু তখন তাঁরা শোনেননি। এবার তাঁরা বুঝতে পেরেছেন। সরকারও এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। যাতে আগামী বছর শেয়ারবাজারে আর এমন অস্থিরতা না হয়।’ সুপারিশ তিন মেয়াদে বাস্তবায়ন: এর আগে প্রশ্নোত্তরপর্বে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে অস্বাভাবিক দরপতন সম্পর্কিত তদন্ত কমিটির সুপারিশ তিন ধাপে (অবিলম্বে, স্বল্প ও মধ্য মেয়াদে) বাস্তবায়ন করা হবে। মুজিবুল হকের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন গত ৩০ এপ্রিল কোনো ধরনের সম্পাদনা ছাড়াই হুবহু প্রকাশ করেছে সরকার।্রতদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান ভঙ্গের অভিযোগ উঠেছে, কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সরকার ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।অর্থমন্ত্রী আরও জানান, কমিশনে নতুন চেয়ারম্যান ও একজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বাকি সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন। কমিশনের একজন নির্বাহী পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে তাঁকেসহ মোট দুজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দুই কর্মকর্তার আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুদকে পাঠানো হয়েছে। এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহীকে অপসারণ করা হয়েছে। শেয়ারবাজারে মূল্য বিভাজনে কারসাজির জন্য এসইসি অধ্যাদেশ, ১৯৯৬-এর সংশ্লিষ্ট ধারার আওতায় মামলা এবং কমিটির সুপারিশ অনুযায়ী দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে প্রাথমিকভাবে চিহ্নিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধিকতর তদন্তক্রমে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইলিয়াস মোল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘শেয়ারবাজারের দুর্নীতি সম্পর্কে কিছুদিন আগে আমরা প্রতিবেদন পেয়েছি, সে অনুযায়ী অপরাধ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এর মধ্যে কিছু বিষয় দুর্নীতি দমন কমিশনে এবং কিছু পুলিশ বিভাগে নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে। কিছু বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে এসইসি পুনর্গঠনের পর কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাজেটের আগে আপাতত এর বেশি কিছু করা সম্ভব নয়।’