আ.লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত মামলা বাতিলের আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে।আজ রোববার দুপুরে বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজাদেশ দেন।ফলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের করা মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান।আদালতে দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও ওবায়দুল কাদেরের পক্ষে খায়রুল আলম মামলাটি পরিচালনা করেন।রায়ের পর খুরশিদ আলম খান প্রথম আলোকে জানিয়েছেন, আগের ঘটনা পরের আইনে বিচার করা যাবে না বলে আবেদনকারী যুক্তিও দেখিয়েছিলেন। আদালত তা নাকচ করে দিয়েছেন। কারণ এটি বিতর্কের বিষয়, তাই এর পরীক্ষা-নিরীক্ষা বিচারিক আদালতে করতে হবে। এ ছাড়া ৬০ দিনের মধ্যে তদন্তের যে বিধান, তা নির্দেশনামূলক। এসব যুক্তিতে আদালত আবেদনটি খারিজ (রুল ডিসচার্জ) করেছেন।এর আগে ২০০৭ সালের ৩০ অক্টোবর ৬২ লাখ ৮৪ হাজার ৩৪৩ টাকা অবৈধ সম্পদ অর্জন ও ১৫ লাখ ৫৪ হাজার ২৪৬ টাকার তথ্য গোপন করার অভিযোগে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম রমনা থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৭ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।ওই বছরের ২২ মে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একপর্যায়ে মামলাটি বাতিলের জন্য তিনি হাইকোর্টে আবেদন করলে ২০০৮ সালের ২ জুলাই আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। আজ এ রুলের ওপর শুনানি শেষে ওবায়দুল কাদেরের করা বাতিল আবেদনটি খারিজ করে রায় দেন হাইকোর্ট।