আ.লীগ নেতা-কর্মীদের কাণ্ড বনাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা যুব উন্নয়ন কার্যালয় ও অফিসার্স ডরমেটরি ভাঙচুর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস যুব উন্নয়ন কার্যালয়ের চত্বরে আসেন। তিনি ঘটনার কঠোর সমালোচনা করে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘সরকারি জানমালের ওপর হামলা বরদাশত করা হবে না। হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত ও চোখের বদলে চোখ নেওয়া হবে।’অভিযোগ উঠেছে, কায়িশানী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সরাফত হোসেন লাবলু মৃধা হামলায় নেতৃত্ব দিয়েছেন। এ ঘটনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ বাদী হয়ে কায়িশানী থানায় মামলা করেছেন।জানা গেছে, ন্যাশনাল সার্ভিসে দ্বিতীয় ব্যাচে যাঁরা কাশিয়ানী উপজেলা থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন, আজ তাঁদের নামের তালিকা স্থানীয় যুব উন্নয়ন অফিসে টাঙানো হয়। ওই তালিকায় নাম না থাকায় অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা যুব উন্নয়ন অফিসের জানালার কাচ ভাঙচুর করেন। তাঁরা অফিসার্স ডরমেটরিতে গিয়েও হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদকে তাঁরা লাঞ্ছিত করেন। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাক্কাধাক্কি হয়। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সরাফত হোসেন লাবলু মৃধা বলেন, ‘আমি কারও নাম সুপারিশ করিনি। আমার হামলা করার প্রশ্নই আসে না।’ তিনি দাবি করেন, ‘ন্যাশনাল সার্ভিসে যুব কর্মকর্তা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শিবির ও ছাত্রদলের ক্যাডারদের তালিকাভুক্ত করায় ক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটিয়েছে।’ কাশিয়ানী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘সরাফত হোসেন লাবলু মৃধা একটা দীর্ঘ তালিকা দিয়েছিলেন। তাঁর সব লোককে আমি ন্যাশনাল সার্ভিসে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে নিতে পারিনি। এ কারণে তিনি নিজে লোকজন নিয়ে আমার কার্যালয় ও ডরমেটরি ভাঙচুর করেছেন। আমার জানা মতে, কোনো অনিয়ম করিনি। একটা অনিয়মের প্রমাণ দেখাতে পারলে চাকরি ছেড়ে চলে যাব। এ ঘটনায় আমি একটি মামলা করেছি।’ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনার কঠোর সমালোচনা করে বলেন, ‘আমার অফিসে কেউ এ ঘটনা ঘটালে সে যে দলের যেই হোক না কেন, আজই আমি তার ঠ্যাং ভেঙে দিতাম।’ দুপুর একটার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এবং এ ব্যাপারে মামলা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।