আওয়ামী লীগের নেতা মোহাম্মদউল্লাহ (৬০) ও তাঁর ব্যক্তিগত গাড়িচালক হারুন অর রশীদ (৪০) খুনের মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। দু-এক দিনের মধ্যে এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে বলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে জানান। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জোড়া খুনের মামলায় মহানগরের ৮৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান খোকনসহ ১২ জনকে অভিযুক্ত করা হচ্ছে। রায়হান খোকন ওই ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদকও। এলাকার আধিপত্য ও নেতৃত্বের কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদউল্লাহ তাঁর ব্যক্তিগত গাড়িচালক হারুন অর রশীদকে নিয়ে মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র বিলি করতে বের হন। পূর্ব জুরাইনে হাজি খোরশেদ আলী সরদার রোডে এলে আট-দশজন সন্ত্রাসী তাঁদের গাড়ির গতিরোধ করেন। তাঁরা মোহাম্মদউল্লাহকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এ সময় গাড়িচালক তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করেও গুলি চালান। এতে দুজনেরই মৃত্যু হয়। মোহাম্মদউল্লাহ শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। ঘটনার পর নিহত মোহাম্মদউল্লাহর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে কদমতলী থানায় হত্যা মামলা করেন। কদমতলা থানার পুলিশ প্রথমে মামলার তদন্ত শুরু করে। পরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রুহুল আমিন মামলা তদন্তের দায়িত্ব পান।ডিবি সূত্র জানায়, জোড়া খুনের ঘটনায় আওয়ামী লীগের মহানগরের ৮৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান খোকনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া জাকির হোসেন, মো. জুম্মন, জাভেদ ওরফে প্রিন্স ও আরিফ হোসেন নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।মামলার তদন্ত সূত্র জানায়, আসামি জাকির, জুম্মন, জাভেদ ও আরিফ ঘটনাস্থলে উপস্থিত থেকে আওয়ামী লীগের নেতা মোহাম্মদউল্লাহ ও তাঁর গাড়িচালককে খুন করেন। আসামিরা আদালতকে জানান, রায়হান খোকনের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটে। এ জন্য এলাকার দুই সন্ত্রাসী কালা আমীর ও ইমনকে ভাড়া করেন রায়হান। সূত্র জানায়, মোহাম্মদউল্লাহ পরিবহন ব্যবসায়ী ছিলেন। এলাকার সালিসে তিনি সিদ্ধান্ত দিতেন। এ নিয়ে রায়হান খোকন তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। একপর্যায়ে তিনি মোহাম্মদউল্লাহর ওপর ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন। এর আগে গত ২১ ফেব্রুয়ারি তাঁরা মোহাম্মদউল্লাহকে খুন করার জন্য প্রস্তুতি নিলেও অল্পের জন্য তিনি বেঁচে যান। ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদউল্লাহ তাঁর মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র বিলি করতে বের হবেন এমন তথ্যের ভিত্তিতে তিনি ওই দিনটি বেছে নেন। নিহত মোহাম্মদউল্লাহর স্ত্রী কোহিনূর বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী (মোহাম্মদউল্লাহ) ৮৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে রায়হান খোকন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয়। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেত্রী রায়হান খোকনকে বাঁচাতে তৎপরতা চালাচ্ছেন। ওই নেত্রীর কারণেই নয় মাসেও এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, আসন্ন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন ও মোহাম্মদউল্লাহর জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী দলটিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।