আ.লীগ নেতা গ্রেপ্তার: ঢাকা-নবীনগর সড়কে সাড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামী লীগ নেতা আবদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার সাড়ে চার ঘণ্টা ঢাকা-নবীনগর সড়ক অবরোধ করে রাখে তাঁর সমর্থকেরা। সকাল আটটা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ থাকায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে আজ সকাল আটটা থেকে তাঁর সমর্থকেরা ঢাকা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে টায়ার জ্বালায়। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নবীনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের আদেশ অমান্য করে ও সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও একটি সরকারি খাল ভরাট করার অভিযোগে করা এক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।