আ.লীগ নেতা ফজলু হত্যায় অংশ নেওয়া একজন গ্রেপ্তার
ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক (৩৬) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁর নাম দুলাল (৩২)। ডিবি পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে যে ছয়জন সরাসরি অংশ নিয়েছে দুলাল তাদের অন্যতম। দলীয় কোন্দল ও আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিরোধ এই হত্যার কারণ বলে জিজ্ঞাসাবাদে দুলাল জানিয়েছেন।দুলালকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। এই মামলায় এর আগে শেরেবাংলা নগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিনজন রিমান্ডে রয়েছেন।দুলালকে গতকাল শুক্রবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের সামনে হাজির করা হয়। সেখানে ডিবির কর্মকর্তাদের উপস্থিতিতে দুলাল জানান, তিনি হেরোইনসেবী। তিনি সপরিবারে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) পেছনে বারেকের বস্তিতে থাকেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর শ্রীরামদীতে। তিন দিন তাঁকে হেরোইন সেবন করিয়ে ফজলুলকে হত্যায় রাজি করানো হয়। হত্যার জন্য মাদক ব্যবসায়ী লিটন তাঁকে পাঁচ হাজার টাকায় ভাড়া করেন। হত্যার পরিকল্পনা হয় আগারগাঁওয়ের আলীর বস্তিতে। হত্যাকাণ্ডে তিনিসহ ছয়জন অংশ নেন।দুলাল আরও জানান, পরিকল্পনা অনুযায়ী রঞ্জু, শামীম ও সেলিম ঘটনার দিন (১৪ জানুয়ারি) লিটন, কালু ও তাঁকে পশ্চিম আগারগাঁওয়ের বাইতুন নূর জামে মসজিদের সামনে অস্ত্র নিয়ে থাকতে বলেন। তাঁর ওপর নির্দেশ ছিল রঞ্জু, শামীম ও সেলিম মসজিদের সামনে আসার পর ফজলুকে গুলি করা হবে। সে অনুযায়ী তাঁরা মসজিদের আশপাশে ছিলেন। ফজলু তখন মসজিদের ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জানান, রঞ্জু, শামীম ও সেলিম দুটি মোটরসাইকেলে করে সেখানে আসামাত্র লিটন, কালু ও তিনি এলোপাতাড়ি গুলি করেন। তিনি দুটি গুলি করেন। হত্যাকাণ্ড শেষে রঞ্জুসহ তাঁরা ছয়জন ওই দুটি মোটরসাইকেলে করে কল্যাণপুর ১১ নম্বর গলিতে যান। পরে রঞ্জু তাঁকে সাভারের হেমায়েতপুর পৌঁছে দেন এবং হাতখরচ বাবদ পাঁচ হাজার টাকা ও কিছু হেরোইন দেন। তাঁর কাছে থাকা পিস্তলটি নিয়ে যাওয়া হয়। এরপর তিনি গ্রেপ্তার এড়াতে শ্বশুরবাড়ি বরদিয়ায় চলে যান।দুলালের বক্তব্যের আগে সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ফজলুল হক হত্যার রহস্য বের করতে এবং খুনিদের গ্রেপ্তারে সহকারী কমিশনার মোহাম্মদ সুলাইমানের নেতৃত্বে শক্তিশালী তদন্ত দল গঠন করা হয়। দলটি এ বিষয়ে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দুলালকে শনাক্ত ও গ্রেপ্তার করে। তিনি বলেন, আগারগাঁও এলাকায় প্রভাব, কর্তৃত্ব ও দলীয় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। মূল পরিকল্পনাকারীসহ সরাসরি হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চলছে।সংবাদ বিফ্রিং শেষে উপকমিশনার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পেছনে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজির হাত রয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। ৮ জানুয়ারি আগারগাঁওয়ের বিএনপি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।ফজলুল হক হত্যা মামলা তদারককারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মোহাম্মদ সুলাইমান বলেন, এ মামলার তদন্তভার ডিবি নিয়েছে। বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর থানা থেকে মামলার নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুলালকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বলেন, ফজলুল হক মাদক ব্যবসার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।ডিবির কর্মকর্তারা জানান, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নূর মোহাম্মদ হাজি তাঁর পথ পরিষ্কার করতে এই হত্যাকাণ্ডে মাদক ব্যবসায়ীদের ব্যবহার করেছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। দুলাল যে মাদক ব্যবসায়ী লিটনের নাম বলেছেন, তিনি নূর মোহাম্মদ হাজির ডান হাত হিসেবে পরিচিত।