আ.লীগ নেতা ফজলুল হত্যার নেপথ্যে দলীয় কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অন্তঃকোন্দলের জের ধরে রাজধানীতে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফজুলল হক খুন হয়েছেন বলে ধারণা করছেন তাঁর পরিবার ও দলের স্থানীয় নেতা-কর্মীরা। এমনকি প্রাথমিক তদন্তেও এমন তথ্য পাওয়া গেছে বলে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।নিহত ফজলুল হকের বোন শাহানা বেগম নিজেও ৪১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, আসন্ন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদে ফজলুল হক সম্ভাব্য প্রার্থী ছিলেন। এ নিয়ে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজির সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে তাঁর ভাই খুন হন। এ ছাড়া তাঁর ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দলীয় অন্তর্দ্বন্দ্ব, আসন্ন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন নিয়ে বিরোধ ও মাদক ব্যবসার বিপক্ষে অবস্থান নেওয়াটা হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে। এসব বিষয়কে প্রাধান্য দিয়ে হত্যাকাণ্ডের তদন্ত চলছে।গত শুক্রবার দুপুরে আগারগাঁও বাইতুন নূর জামে মসজিদের সামনে প্রকাশ্যে একদল সন্ত্রাসী ফজলুল হককে গুলি করে হত্যা করে। এর আগে ৮ জানুয়ারি নূর মোহাম্মদ আগারগাঁওয়ের বিএনপি বাজার সমিতির কার্যালয়ে গুলিবিদ্ধ হন। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন।নূর মোহাম্মদ হাজি খুনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ায় একই চক্র তাঁদের দুজনকে গুলি করেছে। তিনি দাবি করেন, শুক্রবার রাতে হাসপাতাল থেকে তাঁর জামাতা জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করে নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, রাজধানীর সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের খাতায় নূর মোহাম্মদ হাজির নাম রয়েছে। আটক জাহাঙ্গীর আলমও মাদক ব্যবসায়ী। ফজলুল হক হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জাহাঙ্গীরকে আটক করেছে।গতকাল শনিবার রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। থানা পুলিশের পাশাপাশি ঘটনাটি মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) তদন্ত করছে। নিহতের বোন শাহানা বেগম দাবি করেন, স্থানীয় সাংসদ আসন্ন সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ফজলুল হককে মনোনয়নের আশ্বাস দিয়েছিলেন। নূর মোহাম্মদ হাজি এ ঘটনায় ফজলুল হকের ওপর ক্ষুব্ধ ছিলেন।তবে নূর মোহাম্মদ দাবি করেন, ফজলুল হক সম্পর্কে তাঁর ভাতিজা। তিনি ফজলুল হকের খুনের সঙ্গে জড়িত নন।পুলিশের তেজগাঁও বিভাগের দায়িত্বে থাকা ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপকমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, হত্যাকাণ্ডের একাধিক কারণ বেরিয়ে এসেছে। এসব খতিয়ে দেখা হচ্ছে।