আ.লীগ নেতা হত্যায় কিশোরগঞ্জে ছয়জনের ফাঁসি
কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতা মো. শহীদুল আলম খান ওরফে শহীদ খানের চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে ছয় আসামির ফাঁসি ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন সহোদর জামিনে বেরিয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মোতাহার হোসেন সকাল সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ আদালত কক্ষে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন দুলাল, কবির রাব্বানী জুয়েল, নভেল মিয়া, আবদুর রহিম খান, মাসুম মিয়া ও বাবুল মিয়া। এ ছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, সকুজ মিয়া, দুলাল মিয়া, আঙ্গুর মিয়া, আবদুল আওয়াল খান, বাবু খান, আবদুল আহাদ খান, আকবর হোসেন রেনু ও সামসুল আলম সরকার। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুল আলম খানকে ২০০৬ সালের ৭ এপ্রিল সদর উপজেলার সাদুল্লারচর বাজারে প্রকাশ্য দিবালোকে মোয়াজ্জেম হোসেন রুবেল গংরা রামদা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকজন আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা। শহীদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধা-জনতা ও সুধী সমাজের পক্ষ থেকে বেশ কয়েকবার প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়। ঘটনার পরদিন ৮ এপ্রিল নিহতের বড় ভাই মো. ফরিদ আহম্মেদ খান বাদী হয়ে ১৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার ক্ষুব্ধ জনতা মোয়াজ্জেম হোসেন রুবেলসহ ১১ জন আসামিকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলাটি চাঞ্চল্যকর মামলায় অন্তর্ভুক্ত করে মামলার কার্যক্রম পরিচালনা করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান তদন্ত শেষে মোয়াজ্জেম হোসেন রুবেলকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার কার্যক্রম চলাকালে একজন আসামি আলামিন মারা যান। তা ছাড়া মামলার আসামি তিন ভাই জামিনে ছাড়া পেয়ে বিদেশে চলে যান।এদিকে কিশোরগঞ্জ আদালতে মামলা চলাকালে আসামিপক্ষ একাধিকবার হাইকোর্টের মাধ্যমে মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে মামলার বাদী ফরিদ আহম্মেদ খান এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করেন। অবশ্য এর আগে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে জেলা কমিটির সভায় এ মামলাটিকে স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা হিসেবে চিহ্নিত করা হয়।রায় ঘোষণার পর মামলার বাদী জানান, ন্যায়বিচার পেয়েছি। অপরাধীরা প্রকৃত বিচারে পার পায় না তার প্রমাণ এই হত্যাকাণ্ডের সঠিক বিচার।সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেকেই মামলাটি মীমাংসার চেষ্টা করে বিচারের পথকে রুদ্ধ করতে চেয়েছিল। ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা পার পায়নি। আমরা সন্তুষ্ট।মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুর ইসলাম, স্পেশাল পিপি ফারুজ্জামান টিপু, অ্যাডভোকেট আরকান ও আসামি পক্ষে ছিলেন মো. মাহবুবুর রহমান।