নাটোরে মাইক্রোবাসে তুলে আদমদীঘিতে গিয়ে আটক
আ.লীগ নেতাকে অপহরণ করে হত্যার চেষ্টা, সাত জঙ্গি গ্রেপ্তার
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা এবার নাটোরের গ্রাম থেকে আবদুর রব ওরফে বাদশা নামের স্থানীয় আওয়ামী লীগের নেতাকে অপহরণ করে হত্যার চেষ্টা করেছে। জঙ্গিরা মাইক্রোবাসযোগে তাঁকে বগুড়ায় নেওয়ার পর স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধরে ফেলে।সোমবার রাতে এ ঘটনা ঘটে। অপহূত রব নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এর আগে সোমবার সকালে রাজধানীর উত্তরায় জেএমবির জঙ্গিরা দলছুট এক জঙ্গিকে নৃশংসভাবে হত্যা করে। এসব ঘটনা নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির নতুন করে সক্রিয় হওয়ার আলামত হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, আবদুর রবকে অপহরণের ঘটনায় নেতৃত্বদানকারী জেএমবির নেতা আবদুর রাজ্জাকও ধরা পড়েছেন। অপহরণের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদে জঙ্গি রাজ্জাক বলেন, ‘আল্লাহর আইনে বিচার করার জন্য তাঁকে নিয়ে যাচ্ছিলাম।’ পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা আবদুর রব স্থানীয় কালীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা জঙ্গিরা অস্ত্রের মুখে তাঁকে মাইক্রোবাসে তোলে। মাইক্রোবাসটি রাত একটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রামে ঢোকে। তখন রবের চিত্কার শুনে স্থানীয় লোকজন মাইক্রোবাসটি আটক করে সাত জঙ্গিকে পিটুনি দেয়। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ সেখান থেকে জঙ্গিদের গ্রেপ্তার করে নাটোর সদর থানায় নিয়ে যায়। সাত জঙ্গি হলেন সিংড়ার আবদুর রাজ্জাক ওরফে রাজু (২৯), নাটোর সদর উপজেলার কানাইখালি গ্রামের মতিউর রহমান (১৮), রাসিদুল হক ওরফে সুজন (২০), সিরাজুল ইসলাম ওরফে ধলু (২০), নীচাবাজার মহল্লার মীর আশিকুর রহমান (২২), তনু (২৩) ও বড়গাছা মহল্লার মোর্শেদ খান ওরফে মামুন (২২)। মাইক্রোবাস থেকে কয়েকটি বড় হাঁসুয়া, রামদা, হাতুড়ি ও রশি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মাইক্রোবাসটি নাটোর শহরের চকরামপুর মহল্লা থেকে এক হাজার ৬০০ টাকায় ভাড়া করেছিল জঙ্গিরা।অপহরণের পর আবদুর রবকে মারধর করা হয়। তাঁকে সিংড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, হত্যা করার জন্যই জেএমবির নেতা আবদুর রাজ্জাকের নেতৃত্বে জঙ্গিরা তাঁকে অপহরণ করে। তিনি জানান, রাজ্জাক তিন-চার মাস আগে নাটোর জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে চিত্কার করে বলেছিলেন, ‘আল্লাহর আইন ছাড়া আমি কোনো বিচার মানি না।’ তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। কিছু দিন পর জামিনে মুক্ত হন তিনি।অপহূত ব্যক্তি এ ঘটনায় সিংড়া থানায় মামলা করেছেন। এতে গ্রেপ্তার হওয়া সাত জঙ্গিসহ ১০ জনকে আসামি করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাত জঙ্গিকে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আক্তারুজ্জামানের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত কাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং আসামিদের কারাগারে পাঠান। এর আগে গতকাল দুপুরে নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক থানায় গিয়ে জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করেন।মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, জঙ্গিরা আওয়ামী লীগের নেতাকে হত্যা করার উদ্দেশ্যে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। জেএমবির সিংড়া উপজেলার প্রধান আবদুর রাজ্জাক এ ঘটনার নেতৃত্ব দেন। তিনি জানান, জঙ্গি নেতা আবদুর রাজ্জাকের বিরুদ্ধে সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ি লুট ও হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। জঙ্গি তত্পরতার অভিযোগে তিনি কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পান। পুলিশ জানায়, রাজ্জাক জেএমবির অন্যতম শীর্ষ নেতা ও শায়খ আব্দুর রহমানের মেয়ের জামাই আবদুল আউয়ালের সহযোগী ছিলেন। আউয়ালের বাড়ি সিংড়ার ছাতারদীঘি গ্রামে। তাই শুরু থেকে ওই এলাকায় জেএমবির ব্যাপক সাংগঠনিক তত্পরতা ছিল। ২০০৭ সালে অন্য শীর্ষ নেতাদের সঙ্গে আউয়ালেরও ফাঁসি হয়।