আ.লীগ নেতাকে কেন্দ্র করে এত কিছু!
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ শুক্রবার দোকানমালিকদের সঙ্গে হকারদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত দশজন আহত হয়েছেন। গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হকারদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় পাশের রমনা ভবন মার্কেটের দোকানমালিক ও তাঁদের কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশ বলছে, গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।সংঘর্ষের ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম সরকার মার্কেটের পাশে প্রধান সড়কে গাড়ি থেকে নেমে কয়েকজন হকারকে গালাগাল ও মারধর করা শুরু করেন। জাহাঙ্গীর আলম কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। জাহাঙ্গীরের গালাগাল ও মারধরের পর হকারেরা প্রতিবাদ করলে শুরু হয় বাগিবতণ্ডা। একপর্যায়ে দোকানমালিক ও কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে হকারদের ওপর হামলা চালান এবং তাঁদের দোকানপাট তছনছ করেন। হকারেরাও পাল্টা জবাব দেন। শুরু হয় সংঘর্ষ, ধাওয়াধাওয়ি। বিকেল সোয়া চারটার দিকে মার্কেটের ভেতরে গিয়ে পুলিশ জাহাঙ্গীর আলম সরকারকে বের করে নিয়ে যাওয়ার সময় হকারেরা চিত্কার-চেঁচামেচি করে তাঁর পিছু নেন। পুলিশি পাহারার মধ্যেও হকারেরা তাঁর দিকে জুতা, ইট প্রভৃতি ছুড়ে মারেন। ঘটনাস্থলে যাওয়া পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, ‘গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিরাপত্তার জন্য জাহাঙ্গীরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’ তবে পরে রাত নয়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানায়। নিজেকে ৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে কাওছার হামিদ নামের এক যুবক প্রথম আলো ডটকমকে বলেন, তিনিসহ প্রায় ২৫০ জন দলীয় নেতা-কর্মী ১৫ রমজান থেকে ঈদের আগের রাত পর্যন্ত ওই স্থানে ব্যবসা করেন। কিন্তু জাহাঙ্গীরের নেতৃত্বে মার্কেট সমিতির লোকজন প্রতিটি দোকান থেকে ১৫ দিনে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করে। তা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। দোকান বসানোর অনুমতির ব্যাপারে জানতে চাইলে নিজেকে যুবলীগের কর্মী পরিচয় দিয়ে আবুল হাসান নামের এক হকার বলেন, ‘আমরা সরকারি দলের লোক। সরকারি জায়গায় দোকান করি। অনুমতি লাগবে ক্যান?’পুলিশ হেফাজতে থাকায় জাহাঙ্গীরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে মার্কেটের কয়েকজন দোকানমালিক চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন।আমাদের দাউদকান্দি প্রতিনিধি জানান, জাহাঙ্গীর আলম সরকারকে থানায় নিয়ে যাওয়ার খবরে আজ বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুক মিয়া প্রথম আলো ডটকমকে জানান, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বারবার অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা অবরোধ তুলে নেননি। পরে রাত নয়টায় জাহাঙ্গীর আলম সরকারকে থানা থেকে ছেড়ে দেওয়ার খবর পেয়ে তাঁরা অবরোধ তুলে নেন। এদিকে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, জাহাঙ্গীর আলম সরকারকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে—এমন খবরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবরোধ করেছেন। পরে তাঁকে ছেড়ে দেওয়ার খবর পেয়ে অবরোধ তুলে নেন তাঁরা।