আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের সভাপতি গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহের মধ্যে খুন হলেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক (৩৬)। গতকাল শুক্রবার দুপুর একটায় আগারগাঁও বাইতুন নূর জামে মসজিদের সামনে জনসমক্ষে একদল সন্ত্রাসী তাঁকে গুলি করে হত্যা করে।এ ঘটনার তিন ঘণ্টা পর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন ও এসআই কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলী মিয়া ও টহল পুলিশের পরিদর্শক সরোজ কুমার রায়কে বদলি করা হয়। নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের পরিদর্শক সৈয়দ জিয়াউজ্জামানকে।এর আগে ৮ জানুয়ারি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজি (৬৫) সন্ত্রাসীদের গুলিতে আহত হন। একজন বড় অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের খাতায় তাঁর নাম রয়েছে।পুলিশ সূত্র ও স্থানীয় লোকজন জানান, নিহত ফজলুল হক ও আগে আহত নূর মোহাম্মদ আগামী সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে বিরোধের জের ধরে এসব ঘটনা ঘটতে পারে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে একটার দিকে ফজলুল হক জুমার নামাজ পড়তে বাইতুন নূর জামে মসজিদে যান। তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে একটি কাগজ পড়ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয় সন্ত্রাসী জামে মসজিদের পাশের সড়কে এসে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে দুই যুবক নেমে ফজলুল হককে কাছ থেকে গুলি করে। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ফজলুল হক দৌড় দেন। কিছু দূর গিয়ে তিনি একটি আমগাছের নিচে পড়ে যান। সন্ত্রাসীরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলে এবং আমগাছের সঙ্গে চেপে ধরে মাথায় তিনটি ও হাতে একটি গুলি করে। এরপর সন্ত্রাসীরা মোটরসাইকেলে উঠে পঙ্গু হাসপাতালের দিকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ফজলুল হকের নিথর দেহ উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মসজিদের পাশের একজন দোকানমালিক প্রথম আলোকে জানান, মসজিদের ১০০ গজ উত্তরে আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের কার্যালয়। ফজলুল হক আওয়ামী লীগের ওই কার্যালয়ে ছিলেন। পৌনে একটার দিকে তিনি নামাজ পড়তে মসজিদে আসছিলেন। এ সময় ছয় সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে এসে এ হত্যাকাণ্ড ঘটায়।ফজলুল হক ৭৯ পশ্চিম আগারগাঁওয়ে নিজ বাড়িতে থাকতেন। তাঁর স্ত্রী নীলা হক বিলাপ করে বলেন, তাঁর স্বামীর সঙ্গে যাঁরা রাজনীতি করেন, তাঁদের জিজ্ঞাসা করেন, তাঁরাই এই খুনের বিষয়ে ভালো বলতে পারবেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি নিষ্ঠুর দুনিয়া দেখতে চাই না, স্বামীর সঙ্গে তোরা আমাকে ও আমার সন্তানকে মাইরা যা।’ফজলুল হকের বোন শাহনাজ বেগম একই ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, আগে নূর মোহাম্মদ হাজির সঙ্গে ফজলুল হকের ভালো সম্পর্ক ছিল। কিন্তু দু-তিন মাস আগে ফজলুল হক কাউন্সিলর হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর শত্রুতে পরিণত হন। এ ছাড়া তাঁর ভাইয়ের সঙ্গে অন্য কারও কোনো বিরোধ নেই।শাহনাজ বলেন, তাঁর বাবা প্রয়াত সিরাজুল হক একই ওয়ার্ডের আওয়ামী লীগের ২২ বছর ধরে সভাপতি ছিলেন। তিনি চার বছর আগে মারা যান। এরপর নূর মোহাম্মদ সভাপতির দায়িত্ব পান। স্থানীয় লোকজন, স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা ও পুলিশ কর্মকর্তারা জানান, নূর মোহাম্মদ ও ফজলুল হক কাউন্সিলর নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে বিরোধে জড়িয়ে পড়েন। নূর মোহাম্মদ তাঁর ওপর হামলায় ফজলুল হকের হাত ছিল বলে সন্দেহ করেন।সূত্র জানায়, নূর মোহাম্মদ আগারগাঁওয়ের বিএনপি বাজার বস্তি এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন নিয়ে বিরোধ ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তিনি এখন বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কর্মকর্তারা জানান, নূর মোহাম্মদের দুই ছেলে এর আগে মাদক সেবনে মারা গেছেন। ৮ জানুয়ারি নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপি বাজারের মাদকের আখড়া গুঁড়িয়ে দেয় পুলিশ। জানতে চাইলে তেজগাঁও বিভাগের সদ্য বদলি হওয়া উপকমিশনার মোহাম্মদ আলী বলেন, হত্যাকাণ্ডের কারণ পুলিশের কাছে পরিষ্কার। খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।স্বরাষ্ট্রমন্ত্রী মর্গে: আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮ জানুয়ারি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হলেন। এরপর গতকাল সন্ত্রাসীদের গুলিতে খুন হলেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক। পরপর দুটি ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসি ও একজন এসআই নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছেন। তাই তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তিনি জানান, ঢাকার যেসব স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব এলাকার পুলিশ কর্মকর্তাদের বদলি করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।ঘটনাস্থলে আইজিপি: বিকেলে আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের আইজিপি বলেন, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। অপরাধী যে-ই হোক ধরা হবে।