গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হুজি নেতা মুফতি আবদুল হান্নান আজ আবারও বললেন আওয়ামী লীগের তিন নেতার জড়িত থাকার কথা।আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গোপালগঞ্জ স্পেশাল ট্রাইবুন্যাল আদালতে (২) শেখ হাসিনা হত্যা চেষ্টাসংক্রান্ত তিনটি মামলায় হাজির করা হলে কাঠগড়ায় দাড়িয়ে এই হুজি নেতা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ, মাহবুব, কিবরিয়া এই ঘটনার সঙ্গে জড়িত।এর আগে আজ মুফতি হান্নানসহ মহিবুল্লাহ, আরিফ হাসান, মাওলানা আবদুর রউফ, ওয়াসিম আক্তার, মেহেদী হাসান, রাশেদুজ্জামান, মাহামুদ আজাহার ও আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।আইনজীবী রঞ্জিত কুমার গামা বলেন, আদালতের কাঠগড়ায় হাজির মুফতি হান্নানসহ উপস্থিত নয়জন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন এবং মুফতি হান্নানের কথা বলার কোনো সুযোগ না থাকলেও তিনি জোর করে বলেন, আবদুল্লাহ, মাহবুব ও কিবরিয়াও এ ঘটনার সঙ্গে জড়িত। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুফতি হান্নানকে আদালত থেকে নিয়ে যান। এর আগে আদালত তিনটি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ আগস্ট ধার্য করেন।মুফতি হান্নানের এই বক্তব্যকে অভিসন্ধিমূলক উল্লেখ করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেছেন, ‘তাঁকে দিয়ে কেউ এসব কথা আমার এবং আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য বলানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’আজ মুফতি হান্নানকে তিনটি মামলায় (শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যাচেষ্টা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা ও রাষ্ট্রদ্রোহ আইনের করা মামলা) আদালতে হাজিরা দিতে নেওয়া হয়। এ জন্য আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদের আদালতে বর্তমানে এই তিনটি মামলা বিচারাধীন। গত ১৩ মে প্রথমবার এবং আজ দ্বিতীয়বারের মতো মুফতি হান্নানকে গোপালগঞ্জ আদালতে হাজির করা হলো।২০০০ সালে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়ার জনসভাস্থলের খুব কাছে ৭৬ কেজি ওজনের শক্তিশালী দুটি দূরনিয়ন্ত্রিত বোমা পুঁতে রাখা হয়। পরে বোমা দুটি উদ্ধার করা হয়। এ ছাড়া সে সময় গোপালগঞ্জ শহরের বিসিক শিল্প নগরীতে সাবান ফ্যাক্টরির আড়ালে বোমা তৈরির কারখানারও সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়।