আ.লীগ নেতাদের সামনে সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগের তদন্ত করেছে নির্বাচন কমিশন। তদন্ত কর্মকর্তা সহকারী নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম গতকাল বুধবার ওই কেন্দ্রে গিয়ে বিভিন্ন পক্ষের সাক্ষ্য নেন। এ সময় তাঁর চারপাশ ঘিরে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গত ২৪ এপ্রিল লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠায় সহকারী নির্বাচন কমিশনার মনিরুল ইসলামকে দিয়ে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন।তদন্তকারী কর্মকর্তা গতকাল দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর সামনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য নেন। সেখানে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন: উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর এমদাদুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক হাওলাদার, মনির হাওলাদার, সদস্য মোস্তফা কামাল, চরভুতার সাবেক ইউপি চেয়ারম্যান মো. হোসেন হাওলাদার প্রমুখ।জাল ভোট দেওয়া সংক্রান্ত ২৫ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত একটি ছবির চারজনের মধ্যে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চরভুতা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেক বলেন, ‘আঁর বোট (ভোট) আই দি গেছি, আঁর সামনে কোন জাল বোট (ভোট) অ নো।’ কেউ ভয় দেখিয়েছে কি না—তদন্ত কর্মকর্তার এ প্রশ্নের জবাবে তিনি চুপ করে থাকেন। ওই দিন একই বুথের ভোটার তারাগঞ্জ গ্রামের লোকমান মৃধা বলেন, ‘পত্রিকায় আমার ছবি এসেছে, কারণ ভোট দিতে দাঁড়াই ছিলাম।’ ভোটার নুরুল ইসলাম বলেন, ‘ছবিতে আই ভোট দেওনর লাই আইছিলাম। জাল বোট আঁই দেই নো।’ তদন্ত কর্মকর্তার কাছে লিখিত সাক্ষ্য দিয়েছেন বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট মো. ইউনুস। তাতে তিনি লিখেছেন, ‘এ কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। কোনো জাল ভোট হয়েছে কি না, তা আমার জানা নেই।’ বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট নিজেকে ৪ নম্বর বুথের পোলিং এজেন্ট দাবি করলে উপস্থিত আওয়ামী লীগের নেতারা সমস্বরে বলেন, ওটা ৪ নম্বর নয়, ৭ নম্বর হবে। আনসার ও প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য মামনুর রশিদ ও মমিন উদ্দিন পৃথকভাবে লিখিত বক্তব্য দিয়েছেন। তবে দুটি বক্তব্য একই হাতের লেখা ছিল। তাঁরা লিখেছেন, ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর ছিল। তাঁরা কোনো অনিয়ম দেখেননি। ৭ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘ছবিতে আমি আইডি কার্ড দেখছি। কেউ জাল ভোট দিচ্ছিল না।’তদন্ত কর্মকর্তার কাছে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘কোনো বুথ থেকে জাল ভোট দেওয়ার ব্যাপারে আমার কাছে অভিযোগ আসেনি।’সাক্ষ্য গ্রহণ শেষে ঘিরে থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে নবনির্বাচিত সাংসদের প্রতিনিধি রিপন শান তদন্তকারী কর্মকর্তার জানতে চান, ‘কোনো সমস্যা নেই তো?’ তখন তদন্তকারী কর্মকর্তা নেতাদের আশ্বস্ত করলে নেতা-কর্মীরা ওই স্থান ত্যাগ করেন। তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সবার বক্তব্যের আলোকে তদন্ত প্রতিবেদন পেশ করব। আওয়ামী লীগের নেতা-কর্মী বেষ্টিত থাকা অবস্থায় সুষ্ঠু তদন্ত হলো কি না, এ প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি কোনো কথা নয়। ৫০-৬০ জন ছিলেন। তাঁদের মধ্যে আমাদের কর্মকর্তা বেশ। আর যাঁরা ছবিতে ছিলেন, তাঁরা বৃদ্ধ লোক। তাঁরা জাল ভোট দিতে পারেন না।’