আ.লীগ নেতার নির্দেশে শরীয়তপুরে বাস চলাচল বন্ধ!
তিন দিন হরতাল শেষেও গতকাল বুধবার সকাল থেকে শরীয়তপুরের সব যাত্রাপথে বাস চলাচল বন্ধ রয়েছে। হরতালে বাস চালানোর অনুরোধ উপেক্ষা করায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী এক মাস বাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবহনের নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন আবদুর রব।বাসমালিক ও শ্রমিক সূত্র জানায়, আবদুর রব মুন্সী একই সঙ্গে শরীয়তপুর পৌরসভার মেয়র এবং জেলা বাস মালিক সমিতির সভাপতি। বিএনপির ডাকা হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকালে তিনি জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে মালিক, শ্রমিক ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে সভা করেন। সভায় হরতালের মধ্যে বাস চালানোর অনুরোধ জানান মালিক ও শ্রমিকদের। হরতালে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় বাস চালাতে অপারগতা প্রকাশ করেন মালিক ও শ্রমিকেরা। এতে ক্ষুব্ধ হন আবদুর রব মুন্সী। হরতালে বাস না চালালে আগামী এক মাস শরীয়তপুরে কোনো বাস চলতে পারবে না বলে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নির্দেশ অমান্য করে কোনো বাস চলার পর ভাঙচুর হলে এর দায় শ্রমিকদের নিতে হবে বলে তিনি হুমকি দেন।এমন হুমকির পর মালিক ও শ্রমিকেরা গতকাল সকাল থেকে বাস চালাননি। বন্ধ হয়ে গেছে জেলার সব উপজেলা ও জেলা সদর থেকে ঢাকা, মাদারীপুর, চাঁদপুরসহ অন্য জেলার বাস চলাচল।পর পর চার দিন বাস চলাচল বন্ধ থাকায় সংকটে পড়েছেন বাসের শ্রমিকেরা। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের রুহুল আমীন বলেন, ‘হরতালের কারণে তিন দিন ঢাকায় যেতে পারিনি। বাসস্ট্যান্ডে গিয়ে দেখি, বাস চলে না। বাধ্য হয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছি।’বাসশ্রমিক ও মালিকদের বক্তব্য: একজন বাসমালিক অভিযোগ করেন, আবদুর রব মুন্সী প্রভাব খাটিয়ে বাস মালিক সমিতির সভাপতি হয়েছেন। তখন সড়কে তাঁর কোনো বাস ছিল না। সম্প্রতি তিনি একটি বাসের মালিক হয়েছেন। কিন্তু হরতালের আগের রাতে তাঁর বাস নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন। অথচ, তিনি সাধারণ মালিকদের বাস চালাতে চাপ দিয়েছেন।শরীয়তপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, ‘হরতালে বাস না চালানোর অপরাধে মঙ্গলবার পৌর মেয়র আবদুর রব মুন্সী এক মাস বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বাস চালালে তাতে ভাঙচুর ও আগুন দেওয়া হবে বলেও ভয় দেখিয়েছে। তাই আমরা আতঙ্কিত হয়ে বাস চলাচল বন্ধ রেখেছি।’তবে মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও মালিক-শ্রমিকদের সঙ্গে হরতালে বাস না চালানো নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। আমরা বাস চালানোর পক্ষে। বাস চলাচল শুরু করতে উভয় পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।’যোগাযোগ করলে আওয়ামী লীগের নেতা আবদুর রব মুন্সী বলেন, ‘হরতালে বাস চালানোর অনুরোধ করেছিলাম বাসমালিক ও শ্রমিকদের। কিন্তু তাঁরা আমাদের অনুরোধ রাখেনি। গত মঙ্গলবারের সভায় আমাদের দু-একজন নেতা-কর্মী উত্তেজিত হয়ে বলতে পারে, যেহেতু হরতালের মধ্যে বাস চালাওনি, হরতালের পরেও চালাতে পারবে না। আমি কাউকে বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিইনি।’আবদুর রব মুন্সীর অভিযোগ, একটি বিশেষ মহলের ষড়যন্ত্রে শ্রমিকেরা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা মালিক সমিতি ও সাধারণ মালিকদের কোনো কথা শুনছে না।এ দিকে গতকাল সারা দিন জেলায় বাস চলাচল বন্ধ থাকলেও তা জানেন না জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাস বন্ধ থাকার বিষয়টি আমাদের কেউ জানায়নি।’