আ.লীগ নেতার পক্ষে দাঁড়ালেন বিএনপি নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নির্মাণাধীন কারাগারের মাটি ভরাট কাজে চাঁদাবাজি ও হামলার জন্য অভিযুক্ত সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলীর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন সিলেট সদর উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি আবদুর রউফ।আজ রোববার জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতা রউফ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।সিলেট শহর থেকে কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করে শহরতলির বাদাঘাট এলাকায় স্থাপন প্রকল্পে আট কোটি টাকা ব্যয়ে মাটি ভরাট কাজ গত শুক্রবার শুরু হয়। ওই দিন সন্ধ্যায় একদল লোক চাঁদার দাবিতে হামলা করে কাজ বন্ধ করে দেয়। হামলাকারীদের মারধরে মাটি ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি সংস্থা ‘মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রা. লি.’-এর দুজন কর্মচারী আহত হন।ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে অভিযোগ ওঠে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁরই লোক ওই হামলা চালিয়েছে বলে ঠিকাদারি সংস্থাটি অভিযোগ করে। সুজাত আলীর বিরুদ্ধে এই অভিযোগ সম্পর্কে আজ রোববার পার্শ্ববর্তী একটি বালুমহালের ইজারাদার ও সিলেট সদর উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি আবদুর রউফ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, ‘তাঁর বালুমহাল থেকে জোর করে ঠিকাদার পক্ষ বালু নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে তিনি আওয়ামী লীগ নেতা সুজাতসহ অন্যদের জানান। তাঁরা ঘটনাস্থলে যান। ঠিকাদার পক্ষ উল্টো তাঁর লোকজনের ওপর হামলা করে মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছেন।’সংবাদ সম্মেলনে বিএনপির নেতা আবদুর রউফ আরও বলেন, জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে ওই দিনের ঘটনা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। আওয়ামী লীগের নেতা সুজাত আলীর নেতৃত্বে হামলা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন বলে ওই সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বিএনপির একজন দায়িত্বশীল নেতা হয়ে আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করার কারণ সম্পর্কে আবদুর রউফ প্রথমআলো ডটকমকে বলেন, ‘রাজনীতি করলেও আমরা সবাই একসঙ্গে ব্যবসা করি। ওনাকে (সুজাত আলী) উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দেখে আমি সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনার বর্ণনা দিলাম।’