আ.লীগ নেতাসহ তিন আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর মাদারীপুরের কালকিনি প্রতিনিধি খায়রুল আলমসহ আট সাংবাদিকের ওপর হামলার ঘটনার মামলার বাদীকে না জানিয়ে তিন আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর আওয়ামী লীগের সভাপতিসহ তিন আসামির নাম বাদ দিয়ে কালকিনি থানার পুলিশ ওই অভিযোগপত্র দাখিল করে।স্থানীয় সাংবাদিকেরা অভিযোগপত্র প্রত্যাখ্যান করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তাকে (আইও) অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১০ নভেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের মজিদবাড়ী (ভুরঘাটা) এলাকায় মজিবুল হায়দার ওরফে রাজ্জাক পত্রিকা ব্যবসাপ্রতিষ্ঠান আবুল কাশেম পেপার এজেন্সির স্বত্বাধিকারী আসাদুজ্জামানের কাছে চাঁদা দাবি করলে কালকিনি থানার পুলিশ তাঁকে আটক করে। এর জের ধরে মজিবুলের চাচা পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন ওরফে দুলাল তাঁর ভাই বাদশা ঘরামি ও ভাতিজা উজ্জ্বল ঘরামিকে নিয়ে হকারদের পত্রিকা বিলিতে বাধা দেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলম ঘটনাস্থলে যান। এ সময় খায়রুলকে সেখানে কুপিয়ে জখম করেন তাঁরা। এতে বাধা দিতে গিয়ে আরও আটজন সাংবাদিক আহত হন।প্রথম আলোয় বিভিন্ন সময় দেলোয়ারের বিরুদ্ধে ‘বাবার কবর সংস্কারের জন্য টিআরের চাল আত্মসাৎ’, ‘উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস দখল’ এবং ‘কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের জমি দখল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর জের ধরে খায়রুলের ওপর ওই হামলা চালানো হয়। হামলাকারীরা ইট, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে খায়রুলের ওপর হামলে পড়ে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও এখনো মাথায় ব্যথা অনুভব করেন তিনি। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, ধীরে ধীরে খায়রুল সুস্থ হয়ে উঠবেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।হামলার দিনই কালকিনি প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হত্যাচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন, মজিবুল হায়দার, বাদশা ঘরামি ও উজ্জ্বল ঘরামিকে আসামি করে কালকিনি থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি দেলোয়ার গত বছরের ১৩ নভেম্বর মাদারীপুর আদালতে হাজির হলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করেন। এর তিন দিন পর তিনি জামিনে ছাড়া পান।গত ১৮ জুলাই চার আসামির মধ্যে প্রধান আসামি দেলোয়ার এবং মজিবুল ও বাদশা ঘরামিকে বাদ দিয়ে শুধু উজ্জ্বল ঘরামিকে রেখে অভিযোগপত্র দেয় পুলিশ। ৭ আগস্ট সাংবাদিকেরা বিষয়টি জানার পর প্রতিবাদ সভা করে অভিযোগপত্র প্রত্যাখ্যান করেন এবং আদালতে নারাজি দেওয়ার সিদ্ধান্ত নেন। এ ছাড়া কালকিনি থানার ওসি মো. নাজমুল হুদা ও তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে ১২ আগস্ট প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা, ১৩ আগস্ট কলমবিরতি, ১৪ আগস্ট মানববন্ধন এবং পুলিশের মহাপরিদর্শক বরাবর সঞ্চারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগপত্র আদালতে দাখিলের ব্যাপারে আমাকে জানানোর কথা থাকলেও ওসি নাজমুল হুদা তা করেননি।’ তিনি জানান, ১৮ জুলাই অভিযোগপত্র আদালতে দিলেও বিষয়টি তাঁরা গোপন রাখেন। এমনকি ৬ আগস্ট রাতে যোগাযোগ করা হলে তাঁরা দুজনই অভিযোগপত্র দাখিলের বিষয়টি অস্বীকার করেন। পরদিন ৭ আগস্ট দুপুরে আদালত থেকে অভিযোগপত্রের অনুলিপি তোলার পর যোগাযোগ করা হলে ওসি নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, পুলিশ সুপার ফরিদুল ইসলামের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেছেন। এ বিষয়ে আমিনুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ক্ষুব্ধ সাংবাদিকেরা আন্দোলনে: মামলার মূল আসামি পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনহ তিন আসামিকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করায় পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল দিনব্যাপী কলমবিরতি কর্মসূচি পালন করেছেন কালকিনির সাংবাদিকেরা। প্রেসক্লাব চত্বরে অবস্থান নিয়ে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, ‘ওসি নাজমুল হুদা ও তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের অপসারণের দাবিতে গতকাল দিনব্যাপী কলমবিরতি কর্মসূচি পালন করা হয়। আমাদের দাবি না মানা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’