আ.লীগ নেতাসহ ১৪ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সাংবাদিক তোফাজ্জল হোসেনের ওপর হামলার ঘটনায় বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার তোফাজ্জল হোসেনের বাবা শহীদুল্লাহ শেখ বড়াইগ্রাম থানায় এই মামলা করেন। গত ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরকে হত্যার সময় সাংবাদিক তোফাজ্জল ছবি তুলতে গেলে তাঁর ওপর ওই হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।দৈনিক ডেসটিনি, সোনালী সংবাদ ও বাংলার চোখ ফটো এজেন্সির নাটোর জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেনকে (৩৭) উন্নত চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। মামলায় বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোকন মোল্ল¬াকে (৪৩) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম জিল¬ুর রহমান, তাঁর বড় ভাই কে এম জামিল হোসেন, একই এলাকার গুরুমশৈল গ্রামের লুত্ফর রহমান, মহিষভাঙ্গা গ্রামের জনি, রেজাউল করিম, জিন্নাহ ও জালাল, নোটাবাড়িয়া গ্রামের আশরাফুল ইসলাম, রামাগাড়ি গ্রামের স্বপন, হাটি কুমরুল গ্রামের বাদশা ও জহুরুল ইসলাম এবং বনপাড়া সাহেবপাড়া এলাকার সেলিম।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৮ অক্টোবর বনপাড়া শহর বিএনপির কর্মসূচির ছবি ও সংবাদ সংগ্রহের জন্য তোফাজ্জল (৩৭) অন্য সাংবাদিকদের সঙ্গে বনপাড়ায় যান। বেলা সাড়ে ১১টার দিকে ওই কর্মসূচির অতিথিদের স্বাগত জানানোর জন্য বনপাড়া বাজারের দিকে যাওয়ার সময় চেয়ারম্যান সানাউল্লাহ নূরের ওপর হামলা চালানো হয়। ওই হামলার ছবি তুলতে গেলে আসামিরা সাংবাদিক তোফাজ্জলের ক্যামেরা ছিনিয়ে নিয়ে বেধড়ক মারপিট করেন। এতে তোফাজ্জলের মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং মাথা ও বাঁ হাত জখম হয়। ওই সময় আরও তিনজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। তোফাজ্জল হোসেনের অবস্থা সংকটাপন্ন বলে জানান তাঁর বাবা শহীদুল্লাহ শেখ। মামলা দায়েরের সময় নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ নাটোর ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকনেতারা উপস্থিত ছিলেন।