আ.লীগ পাল্টা কর্মসূচি নিয়ে তৎপর থাকবে
ভোলা-৩ উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল বিএনপি আন্দোলনে নামলে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে তৎপর হবে। দলের নীতিনির্ধারকদের মতে, বিএনপি ভোলার ভরাডুবি আড়াল করতে আন্দোলনের কথা বলছে। তবে আন্দোলনের নামে নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। এমনকি দলীয় নেতারা জনগণকে নিয়ে বিএনপিকে প্রতিহত করার কথাও বলেছেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপির আন্দোলনের হুমকি-ধমকিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি এ উপনির্বাচন নিয়ে অহেতুক রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটালে আওয়ামী লীগ বসে থাকবে না। রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে। গণতন্ত্রকে ব্যর্থ করার হীন চেষ্টা জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।আওয়ামী লীগের নেতারা মনে করেন, বিএনপি ভোলার উপনির্বাচনে জয়ের চেষ্টা করেনি। তারা নির্বাচনে হেরে রাজনৈতিক ইস্যু বানানোর পরিকল্পনা নিয়েছে। একাধিক নেতা জানান, বিএনপির প্রার্থী মেজর হাফিজ গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী হিসেবে দলকে দুই ভাগ করেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মেজর হাফিজকে জিয়া হত্যার দায়ে অভিযুক্ত করেন। ওই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হোক, তা বিএনপির কেন্দ্রীয় নেতারাই চাননি। ভোলা বিএনপির অনেক নেতা-কর্মী নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হননি।আওয়ামী লীগের নেতারা মনে করেন, সরকার গত ১৫ মাসে এমন কোনো কাজ করেনি যে আন্দোলন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তা ছাড়া আওয়ামী লীগ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন দল। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ দলের প্রকাশ ও বিকাশ। তাই বিএনপির আন্দোলনের কর্মসূচি তারা মোকাবিলা করতে সক্ষম হবে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে ঢাকা মহানগর বিএনপি বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করছে। আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি হিসেবে থানায় থানায় সভা-সমাবেশ করছে। দলীয় নেতারা জানান, ভোলার উপনির্বাচন নিয়ে বিএনপি কোনো কর্মসূচি দিলে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেবে। মাহবুবুল আলম হানিফ গতকাল দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি ভোলায় জয়লাভের চেষ্টা করেনি। নির্বাচনী ফলাফল তাদের কাছে মুখ্য ছিল না। তারা ইস্যু বানাতে চেয়েছিল। বিএনপির প্রার্থী মেজর হাফিজের অতীত কর্মকাণ্ড এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় তারা হেরেছে। ভোটকেন্দ্রে তারা এজেন্ট দিতে পারেনি। তাদের কোনো নেতা-কর্মী খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, কোনো ভোটকেন্দ্র ভোটারবিহীন ছিল না। বাধা দেওয়ার অভিযোগও ঠিক নয়। এ নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করলে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার কারণ হিসেবে হানিফ বলেন, ভোলায় কোনো সমস্যা নেই। বিদ্যুৎ সেখানে প্রয়োজনের তুলনায় বেশি। মানুষ শান্তিতে আছে। তাই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে।সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, ফরিদুন্নাহার, মৃণাল কান্তি দাস, আখতার জাহান, আমিনুল ইসলাম, রিয়াজুল কবীর কাওছার, বলরাম পোদ্দার, সাইফুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।তোফায়েলের সংবাদ সম্মেলন: ভোলার উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন এই আসনের আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।গতকাল রোববার লালমোহনে কলেজ মাঠে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ বলেন, চারদলীয় জোট সরকারের আমলে হাফিজউদ্দিনের অত্যাচার-নির্যাতনের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে ২০০৮-এর নির্বাচনেও দিয়েছিল, শনিবারের উপনির্বাচনেও দিয়েছে। বিএনপির প্রার্থীর অভিযোগ খণ্ডন করে তোফায়েল আহমেদ বলেন, মেজর হাফিজ আগেই জানতেন, নির্বাচনে তাঁর বিপর্যয় হবে। তাই তিনি নির্বাচন সাত দিন পেছানোর দাবি করেছিলেন। কিন্তু বিএনপির হাইকমান্ড তাতে রাজি না হয়ে হাফিজের পরাজয়কে পুঁজি করতে চেয়েছে।