আ.লীগ বদলালেই দেশ বদলাবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন ‘কাউন্সিলরদের ভোটে নয়, ভবিষ্যতে তৃণমূল নেতাদের ভোটে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হবেন। দেশকে বদলাতে হবে, তবে তার আগে আওয়ামী লীগকে বদলাতে হবে। আওয়ামী লীগ বদলালেই দেশ বদলে যাবে।’ তিনি বলেন, আগামী জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের দুই কোটি নেতা-কর্মীর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ অভিযান আগামী জাতীয় নির্বাচনের প্রচারাভিযান হিসেবে নেওয়া হয়েছে।সিলেট বিভাগ থেকে গতকাল শনিবার আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরুর আনুষ্ঠানিকতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি দলকে ঢেলে সাজানোর নানা পরিকল্পনার কথা তুলে ধরে এ কথা বলেন। তিনি আরও বলেন, তৃণমূলের কর্মীদের ভোটে ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগরের নেতৃত্ব নির্বাচিত হবেন। আওয়ামী লীগ তৃণমূলের সংগঠন। তৃণমূলে ফিরে যেতে চায়। নেতৃত্ব নির্বাচনে আওয়ামী লীগ রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে চায়।নগরের রিকাবীবাজার এলাকায় সিলেট মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন। দুপুর পৌনে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে সিলেট বিভাগে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করা হয়। তিনি নিজের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিক সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। অর্থমন্ত্রী বলেন, ‘সংগঠনের জন্য সদস্যের প্রয়োজন রয়েছে, দপ্তরের প্রয়োজন রয়েছে, কমিটিরও প্রয়োজন রয়েছে। এত দিন এগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি। আগামী বছরেই আমরা কেন্দ্রীয় কাউন্সিল করতে চাই।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বক্তৃতা দেন। সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।ছাত্র রাজনীতি প্রসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান পায়ে হেঁটে, বাড়িতে বাড়িতে গিয়ে করতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়েও এ অভিযানে নামতে হবে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগের সদস্য করতে হবে। তবে ছাত্র রাজনীতির নামে গুন্ডাবাজি আর টেন্ডারের নামে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। এগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হবে। রাজনীতি হতে হবে জনগণের কল্যাণের জন্য।যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, জামায়াত-শিবির যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে ষড়যন্ত্র করছে। এদের মোকাবিলায় যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে সাধারণ মানুষের মধ্যে গণজাগরণ সৃষ্টি করতে হবে। এ কাজ করতে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।