আ.লীগ বলছে বিএনপির সমর্থক, পিপির দাবি আ.লীগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক বিবেচনায়’ এবার ফেনীতে বিচারাধীন চাঞ্চল্যকর একটি হত্যা মামলা থেকে এক আসামির নাম প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কৌঁসুলি (পিপি) বলছেন, আসামি আওয়ামী লীগের কর্মী। দলটির স্থানীয় নেতাদের সুপারিশে তাঁর নাম রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আসামি বিএনপির সমর্থক। তাঁর পক্ষে আওয়ামী লীগ সুপারিশ করার প্রশ্নই ওঠে না।এই আসামির নাম সৈয়দ ওমর জামিল। তিনি ফেনীর ছাগলনাইয়া থানার ২০০৬ সালের মোর্শেদুল হাই ওরফে মুন্না হত্যা মামলার আসামি। মামলাটির বাদী নিহত মুন্নার স্ত্রী রাশেদা আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী ছাগলনাইয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দলের অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির আরেকটি পক্ষ ২০০৬ সালের ফেব্রুয়ারিতে তাঁকে হত্যা করে। আর আসামি ওমর জামিলও বিএনপির সমর্থক একজন দুর্বৃত্ত। এই হত্যা মামলাটি বিচারাধীন।গত বছরের ৭ অক্টোবর মামলার ৪ নম্বর আসামি ওমর জামিলের নাম প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১ থেকে ফেনীর সরকারি কৌঁসুলির (পিপি) কাছে সুপারিশ পাঠানো হয়। সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা চিঠিতে বলা হয়, ‘৩০২/৩৪ দণ্ডবিধির আসামি সৈয়দ ওমর জামিলের বিরুদ্ধে প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। মামলার অপরাপর আসামিদের বিরুদ্ধে সরকারপক্ষের প্রসিকিউশন যথানিয়মে চলবে।’মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা গত ১০ জানুয়ারি জেলা দায়রা জজ আদালতে উত্থাপন করে ওমর জামিলের নাম প্রত্যাহারের আবেদন করেন পিপি। গত রোববার এ বিষয়ে শুনানিতে আসামির নাম প্রত্যাহারের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন বাদীপক্ষের আইনজীবীরা। আদালত কোনো সিদ্ধান্ত না দিয়ে আগামী ৩ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। অনুসন্ধানে জানা গেছে, আসামি ওমর জামিলের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা থেকে নাম প্রত্যাহারের বিষয়টি পিপি হাফেজ আহম্মদ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জেলা কমিটিতে উত্থাপন করেন। কমিটি এ ব্যাপারে সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার-সংক্রান্ত ২১তম সভায় ওমর জামিলকে রাজনৈতিক হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে—মর্মে বিবেচনা করে তাঁর নাম মামলা থেকে প্রত্যাহারের জন্য ফেনীর পিপির কাছে চিঠি পাঠায়। পিপি হাফেজ আহম্মদ প্রথম আলোর কাছে দাবি করেন, আসামি ওমর জামিল আওয়ামী লীগের একজন সমর্থক। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের প্যাডে এ কথা উল্লেখ করে মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের জন্য বলা হয়। তাই তিনি (পিপি) ওমর জামিলের নাম প্রত্যাহারের সুপারিশ করেন। তবে উপজেলা আওয়ামী লীগের কোনো নেতা সুপারিশ করেছেন কি না, পিপি তা স্মরণ করতে পারেননি। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মদ প্রথম আলোকে বলেন, তিনি মুন্না হত্যা মামলার আসামি সৈয়দ ওমর জামিলকে ব্যক্তিগতভাবে চেনেন। ওমর জামিল কখনো আওয়ামী লীগের সমর্থক ছিলেন না বরং তাঁকে বিএনপির সমর্থক বলা যায়। তাই আওয়ামী লীগের প্যাডে তাঁর পক্ষে চিঠি লেখার প্রশ্নই ওঠে না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ওমর ফারুকও একই কথা বলেছেন।