আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, বিএনপির অবরোধ কর্মসূচিতে কোনো বাধা দেয়নি আওয়ামী লীগ। বরং তারাই চোরাগোপ্তা হামলা চালিয়ে তাণ্ডব চালিয়েছে। তাদের নৈরাজ্যকর কর্মকাণ্ডের জন্য জনগণই রাজপথে বিএনপি ও জামায়াতে ইসলামীকে প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে নাশকতা সৃষ্টি করছে’—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্যের জবাবে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জনগণ বাধা উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে এসেছে। তারা এই অবরোধকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরাও এর বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা জানাই।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দাবিদার একটি দলের কাছ থেকে বিজয়ের মাসে এ ধরনের অবরোধ অগ্রহণযোগ্য।মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে, ফিরে আসুন। নইলে জনগণ একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে আপনাদের পরাজিত করবে।’ তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য যা করণীয়, সেটা প্রশাসন করছে, করবে। গতকাল সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কার্যালয়ের ফটকে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজল হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। দিনভর সেখান থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন অবরোধবিরোধী মিছিল করে।