আ.লীগ-বিএনপি ছাড়া আর কেউ আসবে না, তা নয়
দেশের সমস্যা যত বড়ই হোক না কেন, দুই নেত্রীকে একসঙ্গে বসে তা সমাধান করার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ বা বিএনপি ছাড়া আর কেউ আসবে না, তা নয়। এখন মানুষ সত্ লোক খোঁজে। যেখানে সত্ লোক থাকবেন, সেখানে নির্বাচনে তাঁরা জয় পাবেন।’ আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটির আয়োজনে এক আলোচনা সভায় রফিক-উল হক এসব কথা বলেন। বেসরকারি এক টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে রফিক-উল হক বলেন, ‘একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। আমি যেখানে যাব আপনি সেখানে যাবেন না, আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব না—এই মতভেদ চেঞ্জ হওয়া দরকার।’ তিনি দুর্নীতি থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানান। কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবিহারে হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলো একে-অন্যের প্রতি যে দোষারোপ করেছেন, সে সম্পর্কে রফিক-উল হক বলেন, ‘রামুর ঘটনায় বিএনপি, আ.লীগ, আমাদের বার কাউন্সিল থেকে তদন্ত দল গেল। এখন সব ঠান্ডা। কী ফলাফল হলো, তা আমরা জানলাম না।’