ভোলার লালমোহনে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। লালমোহনের ধলী গৌরনগরের চর কালাচাঁদে গতকাল রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাদের নয়জন কর্মী আহত হয়েছে। আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে তাদের আহত করেছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই সংঘর্ষে তাদের ছয়জন কর্মী আহত হয়েছে। তাদের দাবি, বিএনপির লোকজন হামলা চালিয়ে তাদের আহত করেছে। হাসপাতালে চিকিত্সাধীন আহতদের সঙ্গে কথা বলে এ খবর জানা গেলেও পুলিশ এ ব্যাপারে কোনো বক্তব্য জানায়নি। এদিকে আজ শুক্রবার ভোলার পুলিশ সুপার লালমোহন স্কুল মাঠে এক ব্রিফিংয়ে পুলিশকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।আজ বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর সংবাদ সম্মেলন করার কর্মসূচি রয়েছে।