আ.লীগ-বিএনপির অভিযোগের যোগ-বিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে (লালমোহন ও তজুমদ্দিন) উপনির্বাচন সামনে রেখে বহিরাগত সন্ত্রাসী এনে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা পরস্পরের বিরুদ্ধে এ অভিযোগ আনছেন। আবার দুই প্রার্থীই নিজেদের বিরুদ্ধে প্রতিপক্ষের আনা অভিযোগ অস্বীকার করেছেন।নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, দুই প্রার্থী এখনো ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেননি। জনসভা ও পথসভার মধ্যেই মূলত নির্বাচনী প্রচার সীমাবদ্ধ রয়েছে। সভাগুলোতে নেতাদের বক্তব্য মূলত একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলা এবং দোষারোপের মধ্যে সীমাবদ্ধ। কে কার বিরুদ্ধে কত অভিযোগ তুলতে পারেন, সেটাই যেন মুখ্য হয়ে উঠছে। এলাকার সমস্যা, ভবিষ্যৎ করণীয় ও পরিকল্পনা নিয়ে কথাবার্তা হয় না বললেই চলে।বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ গতকাল সোমবার নির্বাচন কমিশনে ফ্যাক্সবার্তা পাঠিয়ে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার নেতা-কর্মীরা আতঙ্কিত। এক হাজার ভাড়াটে মাস্তান এসেছে। তারা গ্রামে গ্রামে মোটরসাইকেলে টহল দিয়ে বেড়াচ্ছে। তাদের পিঠে কালো ব্যাগ থাকে। তারা ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়।’আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কোনো ক্যাডার নেই। আর আওয়ামী লীগের কর্মীরা এখানে বছরের পর বছর ধরে নির্যাতিত হয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপির ক্যাডাররা এখানে চরম অত্যাচার-নির্যাতন করেছে। এবারও নাজিমউদ্দিন আলম (ভোলা-৪-এর বিএনপির সাবেক সাংসদ ও হাফিজ উদ্দিনের নির্বাচন সমন্বয়কারী) চরফ্যাশন থেকে ৫০০ ক্যাডার এনেছেন।’নির্বাচন কমিশনকে হাফিজের ফ্যাক্সবার্তা: গতকাল নির্বাচন কমিশনে পাঠানো ফ্যাক্সবার্তায় হাফিজ উদ্দিন অভিযোগ করেছেন, কয়েক হাজার বহিরাগত সন্ত্রাসী ভোলায় আছে। তাদের গ্রেপ্তার এবং নির্বাচনী এলাকা থেকে বহিষ্কার, প্রতিটি ইউনিয়ন ও চর জহিরুদ্দিনে র‌্যাবের ক্যাম্প স্থাপন, একজন নির্বাচন কমিশনারকে ভোট গ্রহণের দিন লালমোহনে উপস্থিত থাকা, নির্বাচনে সেনা মোতায়েন এবং প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছেন তিনি।প্রথম আলোর কাছে হাফিজ অভিযোগ করেন, লালমোহনের ওয়েস্টার্ন পাড়ার মজিবুল হক মাস্টারের বাড়ি, কলেজপাড়ার ইমু, টিপু, কামালের বাড়িতে এই সন্ত্রাসীরা থাকে। আরও কয়েকটি বাড়ি তারা ভাড়া করেছে।হাফিজের অভিযোগের পরিপ্রেক্ষিতে মজিবুল হক মাস্টারের বাড়িতে গিয়ে বেশ কয়েকজন লোককে একসঙ্গে পাওয়া যায়। এরা সবাই আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার দড়িতে ঝোলানোর কাজ করছিলেন। যুবলীগের বেশ কয়েকজন নেতাকেও দেখা যায় সেখানে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ তারিক আল হাসান জানান, সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য হারুন-অর-রশিদের নেতৃত্বে সংগঠনের একটি নির্বাচনী প্রচারণা দল এসেছে। তাঁরা ওই বাড়িতে উঠেছেন।এর বাইরে আর কেউ আসার কথা অস্বীকার করেছেন মজিবুল হকের ছেলে ও লালমোহন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ।কলেজপাড়ায় ইমুর বাড়িতে গিয়েও বেশ কয়েকজন যুবককে দেখা গেল। পরে জানা গেছে, এ বাসায়ই থাকছেন আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী এলাকায় এসেছেন, তাঁদের কয়েকজনও এ বাড়িতে আছেন।একই এলাকায় টিটুর বাড়িতে গিয়ে তিনটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল দেখা যায়। এ বাড়িতেও বেশ কয়েকজন যুবক উপস্থিত ছিলেন। টিটুর মামাতো ভাই সফিউল্লাহ সবুজ বলেন, ‘নির্বাচনের আগে বাইরে থেকে আত্মীয়স্বজন আসেন। তাঁরা কী বহিরাগত হবেন?’এসব ‘সন্ত্রাসী’র বিরুদ্ধে তাঁর নেতা-কর্মীদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ করে লালমোহন থানায় ১০টির বেশি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাফিজ উদ্দিন। তিনি পাঁচটি জিডির কপিও দেখান।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন ঘটনায় তাঁরা পাল্টাপাল্টি জিডি পেয়েছেন। তাঁরা এসব অভিযোগ তদন্ত করছেন। কয়েকটি ক্ষেত্রে উভয় পক্ষের কিছু অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।ভোলার পুলিশ সুপার এস এন মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা এখন পর্যন্ত বহিরাগত সন্ত্রাসী আসার বিষয়ে কোনো প্রমাণ পাননি।ভোটারদের দ্বারে ভোটপ্রার্থী নেই: তজুমদ্দিনের খাসেরহাট বাজারে লামসি শম্ভুপুর গ্রামের নান্নু মিয়া নির্বাচনের অবস্থা সম্পর্কে বলেন, ‘যারা নেতা-কর্মী আছে, তাদের নিয়াই কারবার চলতাছে। এখনো সাধারণ লোকের কাছে আসে নাই কেউ।’আড়ালিয়া পঞ্চায়েতকান্দি গ্রামের ফারুকুল ইসলাম বলেন, ‘বাজারে আসলে ইলেকশনের কথা শুনি। এ ছাড়া তেমন শুনি না। গত পরশু মেজর হাফিজ পথসভা করছেন দেখছি। আওয়ামী লীগ আগের দিন মিটিং করছে।’গতকাল আওয়ামী লীগের নির্বাচনী প্রচার বলতে ছিল কেবল বিকেলে তজুমদ্দিনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদের জনসভা। আর বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ সকালে লালমোহন ইউনিয়নের একটি ওয়ার্ডে জনসংযোগ এবং সন্ধ্যায় লালমোহনের পাটওয়ারী হাটে জনসভা করেছেন।গোটা নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদের ব্যানার, পোস্টার বা স্টিকার খুব একটা চোখে পড়ে না। আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর পোস্টার ও স্টিকার এখানে-ওখানে দেখা যায়। হাফিজ উদ্দিন বলেন, ‘আমার টাকা কম, তাই পোস্টার কম।’তবে গতকাল দুপুরে লালমোহনে হাফিজ উদ্দিনের বাসায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে পাওয়া যায়। লালমোহন ইউনিয়ন পরিষদের সদস্য জামাল উদ্দিন বলেন, ‘পোস্টার তো কাল রাত ১২টার সময় নিছি। এগুলো লাগানোর এখনো তো সময়ই পাই নাই।’