আ.লীগ বিরোধী দল চায় না: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘বর্তমান সরকার নির্যাতন ছাড়া অন্য কিছু বোঝে না। তারা গণতন্ত্র চায়, কিন্তু বিরোধী দল চায় না। তারা আদালত চায়, কিন্তু ন্যায়বিচার দেখতে চায় না। আজকে আমরা তারই শিকার হচ্ছি।’আজ সোমবার কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মওদুদ আহমদ কারাফটকে সাংবাদিকদের এসব কথা বলেন।এর আগে মওদুদ আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব মো. বরকতউল্লা বুলু ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জামিনে মুক্তি পান। গ্রেপ্তারের ১৪ দিন পর আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিরোধী দলের ওপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দমননীতি পরিহার করে জাতির কাছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের অঙ্গীকার দিন। যাতে করে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। আগামী নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের জন্য দেশে এখন জনমত সৃষ্টি হয়েছে।’মওদুদ আরও বলেন, একটা সময় আসবে, সরকার নিজে থেকেই বুঝতে পারবে যে নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, ‘এখনো বিএনপির যে সব নেতা কারাবন্দী আছেন, তাঁদের সাত দিনের মধ্যে হাইকোর্ট থেকে জামিন আনতে পারব ইনশাআল্লাহ। কারণ, মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।’বিএনপির কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহধর্মবিষয়ক সম্পাদক আফি হাসেন হাওলাদার, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন উর-রশিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, মিল্টন খন্দকার, ফরিদ মণ্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতাদের মুক্তির খবরে সকাল থেকেই বিএনপির শত শত নেতা-কর্মী জেলগেটে জড়ো হন। মুক্তির পর তাঁরা নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।কাশিমপুর কারাগার পার্ট-১-এর জেলার নেছার আলম প্রথম আলো ডটকমকে জানান, জামিনের কাগজ গতকাল রোববার রাতে কারাগারে পৌঁছালে তা যাচাইবাছাই শেষে আজ তাঁদের মুক্তি দেওয়া হয়।উল্লেখ্য, গত ২ ও ৬ মার্চ পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, হাতবোমার বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় মামলা করে পুলিশ। ওই সব মামলায় তাঁরা ৭ এপ্রিল হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠান। ৮ এপ্রিল তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।