আ.লীগ-যুবলীগের গোলাগুলির শিকার কিশোর সাইমুন
ঈদ মেলায় আনন্দ করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর সাইমুন এখন মৃত্যুপথযাত্রী। গত মঙ্গলবার রাতে রাজধানীর লক্ষ্মীবাজারের ডিআইটি মার্কেটের ঈদ মেলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেই গুলি এসে লাগে কিশোর সাইমুনের মাথায়। আহত সাইমুন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে (১০৩) চিকিৎসাধীন। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।রাজধানীর লক্ষ্মীবাজারের বাসিন্দা জাহাঙ্গীর শেখের একমাত্র সন্তান সাইমুন শেখ। সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর স্কুল ছেড়েছে। বাবা জাহাঙ্গীর শেখ লক্ষ্মীবাজারের ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন। একমাত্র সন্তানের এই অবস্থা দেখে বাকরুদ্ধ সাইমুনের মা, বাবা ও আত্মীয়স্বজন। সাইমুনের বিছানার পাশে স্বজনদের ভিড় লেগেই আছে ।সাইমুনের পরিবারের লোকেরা জানান, আহত হওয়ার পর কেউ তাকে হাসপাতালে নিয়ে আসে। এর পর থেকে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। নিউরোসার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক সিরাজুল হক প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সকাল ১০টার দিকে সাইমুনের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তার মাথায় দুটি গুলি লাগে। অস্ত্রোপচার করে একটি গুলি বের করা হলেও আরেকটি গুলি এখনো আছে। তাকে বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা প্রয়োজন। কিন্তু সেখানে শয্যা খালি নেই। বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পর পর জেগে উঠছে কিশোর। জাগলেই শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করে হাত-পা ছুড়ছে। ব্যান্ডেজের কাপড় দিয়ে সাইমুনের দুই পা বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কী করে এই কিশোর গুলিবিদ্ধ হলো, তা কেউ স্পষ্ট করে বলতে পারেননি। সাইমুনের মা আসমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে ছেলে বাসায় খেলছিল। আমাকে কিছু না বলে কোন ফাঁকে বের হইয়া যায়। তারপর শুনি গুলি খাইছে।’ কারা গুলি করেছে বা কেন করেছে, সে সম্পর্কে কিছু জানেন কি না, জানতে চাইলে অন্তঃসত্ত্বা মা আসমা আক্তার বলেন, ‘কারও সঙ্গে কোনো শত্রুতা নাই। শুনছি, আরেক জনরে মারতে গেছিল কেউ একজন। গুলি আইস্যা লাগে আমার ছেলের গায়।’সাইমুনের মায়ের কথার সত্যতা মিলেছে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের কথাতেও। তিনি বলেন, মেলায় একজন মেয়েকে এক ছেলে ধাক্কা দেয়। মেয়েটি এ ঘটনা জানায় কয়েকজনকে। তাঁরা ছেলেটিকে মেলা থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে ছেলেটি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের কাছে নালিশ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আনোয়ারকে লক্ষ্য করে গুলি করা হয়। সেই গুলি সাইমুনের মাথায় লাগে। তবে কে গুলি করেছে, তা শনাক্ত হয়েছে বলে দাবি করেন ওসি। কিন্তু আসামি ধরার সুবিধার জন্য তিনি নাম প্রকাশ করতে চাননি। লক্ষ্মীবাজারের স্থায়ী বাসিন্দা এবং সাইমুনের কয়েকজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ডিআইটি মার্কেটে স্বেচ্ছাসেবক লীগ প্রতিবছর ঈদের সময় কয়েক দিনব্যাপী মেলার আয়োজন করে। এ বছর মেলা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের কোন্দলে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনা নিয়ে সাইমুনের পরিবার এখনো কোনো মামলা করেনি।