আ.লীগ লড়ছে নিজের সঙ্গে, বিএনপির ভয় প্রশাসনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে দুজন ও বিএনপি থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।আওয়ামী লীগের দুজন হচ্ছেন সদ্য সংসদ সদস্যপদ বাতিল হওয়া মো. জসিমউদ্দিন ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী। আর বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহম্মদ।গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী এবং স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন উৎসবমুখর। মোড়ে মোড়ে নেতা-কর্মীদের জটলা থাকলেও কোনোরূপ শক্তির মহড়া বা শোডাউন ছিল না।মনোনয়নপত্র জমা দিয়েই আওয়ামী লীগের দুজন প্রার্থী দলের তৃণমূলের সমর্থন পেতে মাঠে নেমেছেন। দুই প্রার্থীর এই লড়াই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।এ অবস্থায় বিএনপির প্রার্থী কিছুটা স্বস্তির মধ্যে থাকলেও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে দলটি আশঙ্কা প্রকাশ করেছে।আওয়ামী লীগের লড়াই নিজেদের সঙ্গে: কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চারজন চেষ্টা করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আরও দুজন—এম এ কাশেম ও মোবাশ্বের আলী ওরফে স্বপন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি। গত রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় এম এ কাশেম ও মোবাশ্বের আলী সরে দাঁড়ান। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, লালমোহনে যেহেতু বেশি ভোট, তাই ওই উপজেলা থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। কাশেম ও মোবাশ্বেরের বাড়ি তজুমদ্দিন উপজেলায়। আর মনোনয়নপত্র জমা দেওয়া দুজন প্রার্থীরই বাড়ি লালমোহনে।দলীয় সূত্র জানায়, এলাকা থেকে কার ব্যাপারে কেমন সাড়া পাওয়া যায় তা দেখার কৌশল নিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। যাঁর ব্যাপারে তৃণমূলের নেতা-কর্মীরা ইতিবাচক মনোভাব দেখাবেন, শেষ পর্যন্ত তাঁকেই মনোনয়ন দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দলীয় উচ্চপর্যায় থেকে জসিমউদ্দিনের ব্যাপারে আগ্রহ থাকলেও স্থানীয় নেতাদের জোর বিরোধিতার কারণে মনোনয়ন চূড়ান্ত করা যায়নি।এদিকে গতকাল বিকেলে লালমোহন বাজারে এক সমাবেশে দলটির জেলা শাখার সহসভাপতি ও তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং লালমোহন শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম নুরুন্নবী চৌধুরীকে সমর্থন দেন। একই সমাবেশে মনোনয়নপ্রত্যাশী কাশেম ও মোবাশ্বের নুরুন্নবী চৌধুরীর পক্ষে বক্তব্য দেন।এই সমাবেশের পরপর জসিমউদ্দিন লালমোহন থানা মোড়ে জনসংযোগে নামেন। এ সময় তিনি সমর্থন চেয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।এর আগে গতকাল সকাল আটটায় লালমোহন জেলা পরিষদের বাংলোয় আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম অন্য নেতাদের সঙ্গে বৈঠক করে নুরুন্নবীর পক্ষে অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেন। প্রায় একই সময়ে জসিমউদ্দিন তাঁর বাড়িতে আওয়ামী লীগের নেতাদের একাংশ ও দলীয় অনুসারীদের নিয়ে বৈঠক করেন।লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত এই সমস্যা কাটছে না।আওয়ামী লীগের আরেক নেতা প্রথম আলোকে বলেন, গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) অনুযায়ী তৃণমূল নেতাদের ভোটে প্রার্থী মনোনয়ন করা হলে এখন দলকে এই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতো না।অভিযোগ আছে, বিএনপিও প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল নেতাদের ভোট বা মতামত নেয়নি। এ নিয়ে বিএনপিতে বড় ধরনের কোনো দ্বন্দ্ব না থাকলেও আওয়ামী লীগকে পড়তে হয়েছে চরম বিপাকে।বিএনপির আশঙ্কা: একজন মাত্র প্রার্থী থাকায় আপতত স্বস্তিতে রয়েছে বিএনপি। তবে দলটির স্থানীয় নেতাদের আশঙ্কা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। তাঁদের ধারণা, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকায় থাকলেও প্রশাসন আওয়ামী লীগকে সহযোগিতা করতে পারে। তা ছাড়া নির্বাচনে সেনা মোতায়েন না করাকে এই আশঙ্কার একটি বড় কারণ মনে করছে দলটি।হাফিজ উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ধড়পাকড় করা হচ্ছে। এ জন্য আওয়ামী লীগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তড়িঘড়ি করে বদলি করেছে।লালমোহন থানার ওসি গোলাম সারোয়ার বলেন, প্রশাসন ও পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। এখানে পুলিশ ও প্রশাসনের কোনো পক্ষ নেই। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসনে বিজয়ী হন সাবেক সেনা কর্মকর্তা জসিমউদ্দিন। বিধি অনুযায়ী তাঁর অবসরের পর তিন বছর অতিবাহিত হয়নি—এই যুক্তিতে বিএনপির পরাজিত প্রার্থী হাফিজ উদ্দিন মামলা করলে উচ্চ আদালত জসিমউদ্দিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। এতে আসনটি শূন্য হয়ে পড়ে।দেশি-বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রিত: আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহী দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি পর্যবেক্ষক ভ্রাম্যমাণ ও কেন্দ্রভিত্তিক এবং বিদেশিরা শুধু ভ্রাম্যমাণ হবেন। পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করে পাস সংগ্রহ করতে হবে।এ ছাড়া নির্বাচনের দিন চারজন বিচারিক হাকিম নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।