আ.লীগ শক্তের ভক্ত নরমের যম: এ টি এম আজহারুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে ভয় পাবেন না। তারা শক্তের ভক্ত নরমের যম। নরম হলে নিশ্চিহ্ন করে ছাড়বে। শক্ত হলে রাস্তা ছাড়তে বাধ্য হবে।আজ সোমবার বিকেলে দলের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।এ টি এম আজহারুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৪০টির বেশি আসন পাবে না। এটা আঁচ করতে পেরেই তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ষড়যন্ত্র করছে। জনগণ তা হতে দেবে না।গতকাল রোববারের হরতালে পুলিশের নির্যাতন, মামলা ও দলের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ ডাকা হয়।জামায়াত নেতা তাঁর নেতা-কর্মীদের শহীদ হওয়ার বাসনা নিয়ে গণ-আন্দোলনে অগ্রসর হওয়ার ডাক দেন।আজহারুল ইসলাম বলেন, ‘প্রয়োজনে কারাগারে গিয়ে হরতালের ডাক দেব। সেখান থেকেও জনগণ হরতাল পালন করবে।’বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম বলেন, অনেকে বলছে, বিরোধী দল নির্বাচনে না গেলে তারা নিজেরাই নির্বাচন করবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।সমাবেশে দলের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি তাসনিম আলম, নগর সেক্রেটারি হামিদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।