আ.লীগ শীত মৌসুমে তৃণমূলের সম্মেলন নিয়ে ব্যস্ত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো শীত মৌসুম তৃণমূলের সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে আওয়ামী লীগ।দলীয় সূত্র জানায়, বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় পাল্টা কর্মসূচি দেওয়া হবে না। এ সময় সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে জনমত পক্ষে রাখার চেষ্টা করবে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে বিরোধী দলের আন্দোলনের জবাব দেওয়া হবে।একই কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, আগামী বছরের ২৪ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তৃণমূলের কাউন্সিল শেষ করে নতুন নির্বাচনের জন্য সংগঠনকে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের নীতিনির্ধারকদের।দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর দেশে ফিরবেন। এরপর তাঁর সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা সাংগঠনিক বিষয়ে কথা বলবেন। দ্রুততার সঙ্গে তৃণমূলের কাউন্সিল শেষ করার উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতাদের কথা হবে। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি দেওয়া হতে পারে।গত সেপ্টেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে শীত মৌসুমে তৃণমূলের কাউন্সিল শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিল পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাত বিভাগের সাতটি কমিটি করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদকেরা তৃণমূলের কাউন্সিল বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেবেন বলেও সিদ্ধান্ত হয়।একাধিক দায়িত্বশীল নেতা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলের সম্মেলন শেষ করার পরিকল্পনা রয়েছে দলটির। আগামী বছরের জানুয়ারি থেকে উপজেলা ও পৌর কমিটির সম্মেলন শুরু হয়ে তা মার্চের মধ্যে শেষ করার কথা রয়েছে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে জেলা কমিটির সম্মেলন শেষ করা হবে।আগামী বছরের ২৪ এপ্রিল আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীত মৌসুমে আওয়ামী লীগের সহযোগী সংগঠনেরও সম্মেলন শুরু হবে। অবশ্য সাতটি সহযোগী সংগঠনের সব কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগে। অনেকগুলোর সংগঠনের শীর্ষ পদে ভারপ্রাপ্তরা দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক কাজে গতিশীলতা আনার জন্য এসব সংগঠনের সম্মেলন এবং নতুন কমিটি করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের তৃণমূল ও সহযোগী সংগঠনের সম্মেলন নিয়ে শিগগিরই দলীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হবে। এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক নেতা জানিয়েছেন। নারায়ণগঞ্জের মেয়র পদপ্রার্থী সমর্থন নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যে নানা আলোচনা রয়েছে। অনেকেই মনে করেন, ভুল প্রার্থীকে সমর্থন করে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ড নিয়ে এখন আওয়ামী লীগের অভ্যন্তরে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মন্ত্রিসভার একজন সদস্যের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় দলের নীতিনির্ধারকেরা কিছুটা বিব্রত। এ নিয়ে কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন।