আ.লীগ সংলাপের উদ্যোগ নেবে না: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হবে না। যেকোনো সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সম্ভব। বিরোধী দলের কোনো দাবি থাকলে তা সংসদে এসে উপস্থাপন করতে পারে।আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ একথা বলেন। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।হানিফ বলেন, আওয়ামী লীগের এমন কোনো দায় পড়েনি যে তাদের (বিএনপি) দাওয়াত দিয়ে সংলাপে আনতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি-বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানকে সংলাপের বিষয়ে দেওয়া বিএনপির মতামতের বিষয়ে হানিফের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।মাহবুব উল আলম হানিফ জানান, ১৭ এপ্রিল ভোরে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সাতটা ৩০ মিনিটে একযোগে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধাঞ্জলি, ১১টায় মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি এবং ১১টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওই দিনের কর্মসূচি শেষ হবে।ঢাকায় ১৯ এপ্রিল বিকেল তিনটায় রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুজিবনগর দিবসের আলোচনা সভা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথির ভাষণ দেবেন।ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না দিলে কতটুকু বৈধতা পাবে এবং তাদের নির্বাচনে আনার জন্য সরকার কোনো উদ্যোগ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। সবাই এ নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।বৈঠকে মুজিবনগর দিবস উদযাপন কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে। সদস্য হলেন কাজী জাফরউল্যাহ, রাজিউদ্দিন আহমেদ, আবদুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, বি এম মোজাম্মেল হকসহ খুলনা বিভাগীয় জেলা কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। বৈঠকে সভাপতিত্ব করেন আবদুল লতিফ সিদ্দিকী।