মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিরোধী দলের সঙ্গে সংলাপের কথা বলতে শুরু করেছে আওয়ামী লীগ। তবে মুখে সংলাপের কথা বললেও বাস্তবে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই।আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত উভয় পক্ষের দায়িত্বশীল পর্যায়ে কোনো যোগাযোগ হয়নি। বিএনপি বলছে, যোগাযোগ করার দায়িত্ব সরকারের।প্রধান বিরোধী দল মনে করে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংলাপের কথা বলাটা সরকারের একটি রাজনৈতিক কৌশল। বাস্তব পরিস্থিতি এড়ানোর পাশাপাশি দেশি-বিদেশি মহলকে দেখানোর জন্য এ কৌশল নেওয়া হয়েছে। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের কাছে বিরোধী দলের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন। তিনি বলেন, ‘সংকট নিরসনে যেকোনো স্থানে বিরোধী দলের সঙ্গে তাঁরা আলোচনায় প্রস্তুত। আওয়ামী লীগ রাজনৈতিক দল। তাই যেকোনো বিষয়ে যেকোনো স্থানে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) দুই দলকে আলোচনা করার কথা বলছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মহাজোটের সাংসদ রাশেদ খান মেনন গতকাল শনিবার পল্লবীতে ১৪ দলের জনসভায় আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি শর্তযুক্ত আলোচনা নয়, নিঃশর্ত আলোচনায় আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সৈয়দ আশরাফের আলোচনার আহ্বান সরকারি দলের অবস্থানের পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৈয়দ আশরাফ আগে বারবার বিরোধী দলকে কেবল জাতীয় সংসদে এসে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এখন যেকোনো স্থানে যেকোনো বিষয়ে আলোচনার কথা বলা হচ্ছে। এটাকে সরকারি দলের অবস্থানের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। কথাবার্তা অনানুষ্ঠানিক পর্যায়েই: খোঁজ নিয়ে জানা যায়, সরকারি দলের পক্ষ থেকে আলোচনার কথা বলা হলেও কার্যত কোনো উদ্যোগ নেই। এখন পর্যন্ত উচ্চপর্যায়ে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তবে বিভিন্ন দূতাবাসের দাওয়াতে সাক্ষাতে উভয় দলের নেতারা আলোচনার প্রয়োজনীয়তার কথা বলছেন বলে জানা গেছে।জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, হুট করেই আলোচনা শুরু করা যায় না। আগে ক্ষেত্র প্রস্তুত হোক। সে কারণে এখনই সরাসরি কথা না বলে বিভিন্ন মাধ্যমে কথা বলা হচ্ছে।অপর একজন নীতিনির্ধারক বলেন, সংলাপে বসার আগে নেপথ্য আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়ে মোটামুটিভাবে মতৈক্যে পৌঁছাতে হবে। সংলাপে বসার পর তা ভেঙে গেলে সংঘাত অনিবার্য। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যায়, সম্প্রতি জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিচলিত হয়ে পড়েন। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটবে, তা দলটির নেতৃত্বের ভাবনায় ছিল না। এমনকি রায়ের সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়ে সরকারের মধ্যে আগাম কোনো বার্তা ছিল না। ফলে সরকার ও দলগতভাবে আওয়ামী লীগ পুরোপুরি অপ্রস্তুত ছিল।আওয়ামী লীগের নেতাদের মতে, বিএনপির সহায়তায় জামায়াত-শিবিরের পরিকল্পিত ও প্রস্তুতিমূলক আক্রমণের মুখে আওয়ামী লীগ ও সরকার ছিল অসহায়। ফলে সরকারে থেকেও তাঁদের নেতা-কর্মীরা মার খেয়েছেন। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের এ রকম পরিস্থিতিতে দলের নীতিনির্ধারকেরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। যদিও কেউ কেউ বলছেন, কেবল বিরোধী দল-প্রভাবিত এলাকাগুলোতেই সহিংসতা হয়েছে। পরিস্থিতি উত্তরণে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দেখানোর চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে ১৮ মার্চ ঢাকায় বড় রকমের সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙা করতে শীর্ষস্থানীয় নেতাদের নেতৃত্বে প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। সরকারের কৌশল মনে করে বিএনপি: বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আলোচনার প্রস্তাবকে সরকারের রাজনৈতিক কৌশল বলে মনে করছে বিএনপি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, যখনই সরকারের জন্য সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই সরকারের তরফ থেকে এ ধরনের সংলাপের ‘হাওয়াই কথাবার্তা’ গণমাধ্যমে ছড়ানো হয়। বাস্তবে এর কোনো অস্তিত্ব চোখে পড়ে না।এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক দাতাগোষ্ঠীও আগামী নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকটের মীমাংসা করতে সরকার ও বিরোধী দলকে শুরু থেকেই সংলাপে বসার তাগাদা দিয়ে আসছে।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটুকু জানি, ভারত চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। আর তা হতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। স্বাভাবিকভাবেই নির্দলীয় সরকারের এজেন্ডা নিয়ে বৈঠক ডাকলে আমরা বসব।’সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দ আশরাফের আলোচনার প্রস্তাবকে এখনো বিবেচনায় নেয়নি বিএনপি। যেদিন এ প্রস্তাব দেওয়া হয়, সেই রাতেই খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। তাতে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি জানান স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। এই প্রতিবেদককে তিনি জানান, ‘সৈয়দ আশরাফের হঠাৎ আলোচনার প্রস্তাব আমাদের কাছে বোধগম্য নয়।’ স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত যে একগুচ্ছ সিদ্ধান্ত পরদিন শুক্রবার গণমাধ্যমে পাঠানো হয়, তাতেও আলোচনার বিষয়ে কোনো বক্তব্য নেই।বিএনপিদলীয় সূত্র জানায়, বর্তমান সরকারের গত ৫৩ মাসে কোনো ব্যাপারেই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত সরকারের কোনো পর্যায় থেকেই আলোচনার বিষয়ে কোনো ধরনের প্রস্তাব পাননি তিনি।