আ.লীগ সরকার: ‘আশাভঙ্গের চিত্র’
২০০৮ সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠনের পর সরকারের প্রথম ৩০ দিনে আশাভঙ্গ ও হতাশার চিত্র তৈরি হয়েছিল বলে ওয়াশিংটনে তারবার্তা পাঠিয়েছিল মার্কিন দূতাবাস। গোপন এ প্রতিবেদনে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি লেখেন, ক্ষমতা নেওয়ার পর আওয়ামী লীগের বদলে যাওয়া দেশের মানুষের আশা ভঙ্গ করেছিল। এটি সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা অন্যতম তারবার্তা।তারবার্তায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান এবং রাজনৈতিক সংস্কার ত ৎ পরতা বাংলাদেশের মানুষের মনে প্রত্যাশার জন্ম দিয়েছিল যে রাজনৈতিক ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। নির্বাচনের আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগও ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন এবং অধিকতর স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছিল। দূতাবাসের বার্তায় নতুন সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হওয়ার দুই দিনের মধ্যেই সংসদকক্ষে আসন নিয়ে বিরোধ শুরুর কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করা হয়। মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সঙ্গে আলাপে আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমান এই পরিস্থিতিকে একটি ‘বোকাটে ব্যাপার’ অভিহিত করে বলেছেন, এটি তাঁর দলের রাজনৈতিক সক্ষমতার অপচয়।এ ছাড়া সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে বিতর্কের কথাও উল্লেখ করা হয় বার্তায়। বলা হয়, নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই প্রতিশ্রুতি দিয়েছিল ডেপুটি স্পিকার করা হবে বিরোধী দল থেকে। কিন্তু আওয়ামী লীগ এই পদে বসিয়েছে তাদের দলেরই এক নেতাকে। তবে তারা প্রতিশ্রুতি দিয়েছে, সংবিধান সংশোধন করে দ্বিতীয় একজন ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি করে সেখানে বিরোধী দলের কাউকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপি। বার্তায় বলা হয়, এ ছাড়া শেখ হাসিনাও সিদ্ধান্ত নিচ্ছেন দলীয় আনুগত্যের দৃষ্টিকোণ থেকে। যেমন প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ দলীয় নেতা জিল্লুর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাসিনা যখন কারাবন্দী ছিলেন, তখন দলকে ঐক্যবদ্ধ রাখার অবদানের জন্য জিল্লুর রহমানকে এ পদ দিয়ে পুরস্কৃত করতে চান হাসিনা। হাসিনার আরেক বিশ্বস্ত নেতা আবদুল হামিদকে করা হয়েছে সংসদের স্পিকার। সরকারের প্রথম কিছুদিন সংসদের মধ্যে হাসিনার চারপাশে দেখা যাচ্ছে তাঁর অনুগত নেতাদের। আর যাঁদের বিশ্বস্ততা নিয়ে তাঁর সংশয় আছে, তাঁদের তিনি বসিয়েছেন সংসদকক্ষের পেছনদিকের সারিতে। হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং দলের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূরের জায়গা হয়েছে বিরোধী দলের সাংসদদের পাশে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, জরুরি অবস্থার সময় তাঁরা দলের মধ্যে অধিকতর গণতন্ত্রের কথা বলেছিলেন।তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশ: তত্ত্বাবধায়ক সরকারের সময় পাস হওয়া অধ্যাদেশগুলো অনুমোদনের ক্ষেত্রেও আওয়ামী লীগ তাদের প্রতিশ্রুতি পুরোপুরি রাখতে পারেনি। ওইসব অধ্যাদেশের অধিকাংশ ছিল শাসন-ব্যবস্থার উন্নতির স্বার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপ। যেমন-স্থানীয় সরকার শক্তিশালী করা। কিন্তু এসব ক্ষেত্রে আওয়ামী লীগ কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। এসব অধ্যাদেশের ক্ষেত্রে তারা আসলে কী চায়, তা পরিষ্কার নয়। জানুয়ারির শেষের দিকে দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি হওয়া ওইসব ‘অবৈধ অধ্যাদেশ’ নিয়ে তার তীব্র আপত্তির কথা জানিয়েছেন। মন্তব্য: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দিতে শেখ হাসিনার অস্বীকৃতি এবং সংসদকক্ষের আসন-ব্যবস্থা নিয়ে বিএনপিকে বিব্রত করার ঘটনা হলো আওয়ামী লীগের পক্ষ থেকে হতাশাজনক প্রথম পদক্ষেপ। কিছুদিনের মধ্যেই হয়তো বোঝা যাবে, দলাদলির রাজনীতির কী চিত্র দাঁড়াচ্ছে। তবে সংসদের আসনব্যবস্থা নিয়ে আপস হতে পারে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ ছাড়া সংসদের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব বণ্টন করা হবে শিগগির। আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছে, অন্তত কয়েকটি কমিটির সভাপতি করা হবে বিরোধী দল থেকে। তবে শাসনব্যবস্থায় আরও আপসমূলক ও সমন্বিত পদক্ষেপের জন্য তাগিদ অব্যাহত রাখবে দূতাবাস।