আ.লীগ সরকারকে উৎখাত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সমাবেশ থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারকে উত্খাতের আহ্বান জানানো হয়েছে। নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগ সরকার দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর। তাদের উত্খাত না করা পর্যন্ত দেশ ও ইসলাম নিরাপদ হবে না।গতকাল শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের মোর্চা ‘ইসলাম ও ধর্মীয় রাজনীতি রক্ষা জাতীয় কমিটি’র এক সমাবেশে বক্তারা সরকার উত্খাতের ডাক দেন। সমাবেশটিকে তাঁরা মহাসমাবেশ আখ্যা দেন। সমাবেশে ধর্মভিত্তিক ও সমমনা ৪৩টি দল ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।সমাবেশে সব বক্তাই মোটামুটি একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তাঁরা দাবি করেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ভারত ব্যবহার করলে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হবে। বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। বক্তারা বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের নামে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা মেনে নেওয়া হবে না। কারণ, ধর্মের নামে রাজনীতি করা ইসলামের অধিকার।সমাবেশে সভাপতি থাকার কথা ছিল জাতীয় কমিটির আহ্বায়ক মুহিউদ্দিন খানের। কিন্তু অসুস্থতার জন্য তিনি সমাবেশে যাননি। তাঁর অবর্তমানে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমির শাহ্ আহমদউল্লাহ্ আশরাফ। তিনি বলেন, সবাই আজ ঐক্যবদ্ধ হবে। ইনশাল্লাহ বাতিল (অপশক্তি) টিকতে পারবে না। আওয়ামী লীগ টিকতে পারবে না, তাদের জোটও টিকবে না। ফেতনা খতম হবেই ইনশাল্লাহ।ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের জন্য ভালো কিছু করতে পারেনি। তারা বারবার অধীনতামূলক চুক্তি করেছে। সম্প্রতি তারা ভারতের সঙ্গে যে চুক্তি করেছে, তা-ও দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘সরকার উসকানি দিচ্ছে। সবাইকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে।খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক বলেন, ব্রিটিশরাও এ দেশে ধর্মীয় রাজনীতি বন্ধ করেনি। শেখ হাসিনার বাবা করেছিলেন। তিনি আল্লাহর দরবারে চলে গেছেন, কিন্তু ধর্মীয় রাজনীতি বন্ধ হয়নি। কারও ক্ষমতা নেই ইসলামি রাজনীতি বন্ধ করবে।একই দলের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, শেখ হাসিনাকে উত্খাত না করা পর্যন্ত দেশ ও ইসলাম নিরাপদ হবে না।বিডিআরের সাবেক মহাপরিচালক আ ল ম ফজলুর রহমান বলেন, ‘যত দিন পর্যন্ত না বাংলাদেশে ইসলামি শাসনব্যবস্থা চালু হয়েছে, তত দিন পর্যন্ত সবাইকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’জাতীয় কমিটির মহাসচিব জাফরুল্লাহ্ খান সমাবেশের প্রস্তাব পাঠ করেন। এতে বলা হয়, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল-সংক্রান্ত মামলাটি এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। এ বিষয়ে মন্তব্য করে আইনমন্ত্রী আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সরকার ইসলামি রাজনীতি নিষিদ্ধের যে পাঁয়তারা করছে, তা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। প্রস্তাবে বলা হয়, দুর্নীতি, উগ্রপন্থা, জঙ্গিপনা, সন্ত্রাস ইত্যাদি অপরাধের সন্দেহে ও অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনের চোখে তারা নির্দোষ। স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার আগে কোনো ব্যক্তিকে দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে চিহ্নিত করা বা প্রচার চালিয়ে তার সম্মানহানি করা আইনের লঙ্ঘন।