আ.লীগ সাংসদ শাহজাহানের বিরুদ্ধে মানহানি মামলা
কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার কৃষক শ্রমিক জনতা লীগের ঢাকা মহানগর আইনবিষয়ক সম্পাদক মাহবুব হাসান এ মামলা করেন। মহানগর হাকিম এম এ সালাম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তিনি পরে আদেশ দেবেন বলে জানান। মামলায় অভিযোগ করা হয়, সাংসদ শওকত মোমেন শাহজাহান ১৬ নভেম্বর টাঙ্গাইল জেলার সখীপুর থানার নলুয়া গ্রামের বিমানঘাঁটি বাজারে এক জনসভায় কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেন। সাংসদ শওকত মোমেন শাহজাহান তাঁর বিচার দাবি করেন। এ খবর গণমাধ্যমে বিভিন্ন শিরোনামে প্রকাশিত হয়। এ মানহানিকর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মাহবুব হাসান বাদী হয়ে আদালতে মানহানির মামলা করেন।