আ.লীগ সামরিক জান্তার চেয়ে জঘন্য: মুফতি আমিনী
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে ময়দানে নামা প্রত্যেক মুসলমানের জন্য একমাত্র কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এ সরকার সামরিক জান্তার চেয়ে জঘন্য। আজ সোমবার সকালে লালবাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনস্থাপন, ধর্মনিরপেক্ষতা এবং ইসলাম ও দেশবিরোধী সব ধারা বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ৬ ও ৭ জুলাই বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সঙ্গে মিল রেখে তিনিও ওই দিনগুলোতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছেন। একই সঙ্গে তাঁর দল ১৪ জুলাই ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। এক প্রশ্নের জবাবে ফজলুল হক আমিনী বলেন, ‘এই সরকারের পতনের লক্ষ্যে যারাই কর্মসূচি দেবে তাদের কর্মসূচির প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে।’ ১০ ও ১১ জুলাই ধর্মভিত্তিক ১২টি সংগঠনের ডাকা হরতালে তাঁর সমর্থন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এদের কারও কারও ব্যাপারে আমার সন্দেহ আছে। যখনই ইসলামি দলগুলো কোনো ইস্যুতে কর্মসূচি দেয় তখন কেউ কেউ তৃতীয় শক্তি দাঁড় করানোর চেষ্টা করে। তৃতীয় শক্তি মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। আমার সন্দেহ হয় তারা সেই ফাঁদে পা দিয়েছে কি না।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মুফতি ওয়াক্কাছ, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।