আ.লীগও পুরোপুরি সন্তুষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনে আওয়ামী লীগও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বাহাত্তর সালের সংবিধানে ফিরে যাওয়া। বাস্তবতা মেনেই এবার সাধ ও সাধ্যের সম্মিলন ঘটানো যায়নি। রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্পকলা। তাই যতটুকু সম্ভব হয়েছে, ততটুকু সংশোধন করেছি।’গতকাল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, ‘সংবিধান শাশ্বত নয়। আমরা কাজ করে যাব। যাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তা ভবিষ্যতে হবে। বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।’গত বৃহস্পতিবার জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এর প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ওই দিনই সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠল। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের সব পথ রুদ্ধ হয়ে গেল।’এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংঘাতের রাজনীতি দূর হয়েছে। অসাংবিধানিক শাসনের সব পথ বন্ধ হয়েছে।তড়িঘড়ি করে সংবিধান সংশোধনের অভিযোগ প্রত্যাখ্যান করে সৈয়দ আশরাফ বলেন, এ সংশোধনী আনতে ১১ মাস লেগেছে। এটাকে তড়িঘড়ি বলা অন্যায় হবে, বরং বিরোধীদলীয় নেতা ১৫ ফেব্রুয়ারির (’৯৬) নির্বাচনের পর মাত্র ১২ ঘণ্টায় রাতের আঁধারে সংবিধান সংশোধন করেছিলেন। তিনি বলেন, দেশে এবারই প্রথম স্বাভাবিক প্রক্রিয়ায় দিনের বেলায় সংবিধান সংশোধন করা হয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও বিশেষ কমিটিতে বিরোধী দল প্রতিনিধি পাঠায়নি। তবে কমিটি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত নিয়েছে।আলোচনার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে অনুরোধ করে বিরোধী দলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধান সংশোধনী বিল পাস হলেও তা পরিবর্তনের সুযোগ আছে। তাই আলোচনায় আসুন। প্রস্তাব দিন। এখানে কোনো শর্ত নেই। কারণ, গণতান্ত্রিক রাজনীতিতে আলোচনার বিকল্প নেই।’ তিনি হরতালের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আড়াই বছর আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলে সৈয়দ আশরাফ বলেন, আগামী আড়াই বছর বিএনপি আন্দোলন করবে। এ রেকর্ড তাদের নেই। তবে আওয়ামী লীগের ৫০ বছর আন্দোলন করার রেকর্ড আছে।সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ কারও হুমকি-ধমকি বা রক্তচক্ষুকে ভয় করে না। আওয়ামী লীগের সরকার ফুটবল নয় যে লাথি দিলে মাঠ থেকে উড়ে যাবে। বঙ্গবন্ধুর মতো রাতের অন্ধকারে শেখ হাসিনাকে খুন করে ক্ষমতায় যাবেন, সেদিন আর নেই। এখন জনগণ সজাগ, আওয়ামী লীগ সজাগ।’সৈয়দ আশরাফ অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা যেনতেনভাবে ক্ষমতায় যেতে চান। তিনি লাশ চান। কার লাশ? বিএনপির নেতারা এখন সাংঘাতিকভাবে আতঙ্কগ্রস্ত। তাঁরা সামনে দুই চোখ খোলা রাখলে পেছনে রাখেন চার চোখ।