আ.লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘শেখ হাসিনার সরকার তার সাড়ে চার বছরে দেশের অনেক উন্নয়ন করেছে। বর্তমান সরকারের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।’আজ শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ জনগণের প্রতি এ আহ্বান জানান।মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশকে দুর্নীতির শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিল। এমনকি সে সময় ব্রিটিশ রাষ্ট্রদূতও বাংলাদেশে এসে হামলার স্বীকার হয়েছিলেন। এটা জাতির জন্য একটি লজ্জাজনক কথা। তিনি বলেন, দেশের দুর্নীতিবাজ, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচার এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে যত দিনই লাগুক, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে। এ ছাড়া দেশকে পুরাপুরি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আরও সময় দরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।আগামীকাল রোববার বর্ধিত সভায় আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিশেষ শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিপুল উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেন হানিফ।এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।